হিলির বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক এলিশা হিলি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারতের বিরুদ্ধে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে দলকে বড় জয় উপহার দিয়েই বিদায় নিয়েছেন এ নারী তারকা ক্রিকেটার। পার্থে অনুষ্ঠিত একমাত্র দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়া নারী দল ১০ উইকেটের দাপুটে জয়ে হারিয়েছে ভারতীয় নারী দলকে। প্রথম ইনিংসে ভারত মাত্র ১৯৮ রানে অলআউট হয়। জেমিমাহ সর্বোচ্চ ৫২ রান করেন। আসি বোলার অ্যানাবেল সাদারল্যান্ড ৪৬ রানে চার উইকেট নেন। ব্যাটিংয়ে নেমে সেই সাদারল্যান্ডের ১২৯ রানে ভর করে ৩২৩ রান তোলে ক্যাঙ্গারুরা। এতে ১২৫ রানের লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৯ রানে ভারত অলআউট হলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য মাত্র ২৫ রান লক্ষ্য পায়। ওপেনার ফবি লিচফিল্ড ও জর্জিয়া ভল মাত্র পাঁচ ওভারের মধ্যেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন। ম্যাচ জয়ের পর সতীর্থদের কাঁধে চড়ে আবেগঘন বিদায় নেন ৩৫ বছর বয়সী হিলি। হিলির অবসরে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটে একটি যুগের অবসান ঘটতে যাচ্ছে। সব ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ ৭,৩৩৩ রান এবং উইকেটের পেছনে ২৭৬টি ডিসমিসাল।