যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দু’জন নিহতের ঘটনায় উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ‘বর্ডার জার’ বা সীমান্ত জারের দায়িত্বে থাকা টম হোম্যানকে পাঠাচ্ছেন। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘আমি আজ রাতে টম হোম্যানকে মিনেসোটায় পাঠাচ্ছি।’ তিনি উল্লেখ করেন, হোম্যান ওই এলাকায় আগে কাজ না করলেও সেখানকার অনেক মানুষকে চেনেন এবং পছন্দ করেন। যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা ও গণহারে উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা হোম্যান সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি কঠোর কিন্তু ন্যায়পরায়ণ এবং সরাসরি আমার কাছে রিপোর্ট করবেন।’
ট্রাম্প আরো জানান, অঙ্গরাজ্যটিতে কথিত জালিয়াতির বিষয়ে একটি ‘বড় তদন্ত’ চলছে। তার দাবি, রাস্তায় চলমান সহিংস সংঘবদ্ধ বিক্ষোভের জন্য আংশিকভাবে হলেও এই জালিয়াতি দায়ী। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, স্থানীয় কর্মকর্তারা সরকারি তহবিল চুরির ঘটনা ধামাচাপা দিতে চলমান ঘটনাগুলো ব্যবহার করছেন। ডানপন্থী এক ইনফ্লুয়েন্সার বা প্রভাবশালীর অপ্রমাণিত দাবির ওপর ভিত্তি করে এসব অভিযোগ উঠেছে। যেখানে দাবি করা হয়েছিল, মিনেসোটা এলাকার ডে-কেয়ার সেন্টারগুলোতে, বিশেষ করে সোমালি বাসিন্দাদের পরিচালিত কেন্দ্রগুলোতে জালিয়াতি হয়েছে। তবে স্থানীয় কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, অভিবাসন অভিযানের সময় ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।



