২ প্রবাসীসহ প্রাণ গেল ১০ জনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

নরসিংদীর শিবপুর, মুন্সীগঞ্জের সিরাজদিখান, কুড়িগ্রামের ভুরঙ্গামারী, চট্টগ্রামের লোহাগাড়া, কুষ্টিয়ার ভেড়ামারা, টাঙ্গাইলের মধুপুর, বরিশালের গৌরনদী, ঝিনাইদহ সদর, বগুড়ার সোনাতলা এবং ভোলার লালমোহনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন।

নরসিংদীতে নিহত ১

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে ফয়সাল প্রধান (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন।

গতকাল দুপুরে শিবপুর উপজেলার মুন্সেফেরচর শহীদ মিনার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী জহির প্রধানের ছেলে।

ইটাখোলা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ফয়সাল ওই মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে মুন্সেফেরচরে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা এক কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হয়। এ সময় তাকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

ধলেশ্বরী টোলপ্লাজায় নিহত ১

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলচালকের নাম সফিকুল ইসলাম (৪৫), বাড়ি শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেয়ার আগে ইলিশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। পরে বাসটি টোল প্লাজার ছোট যানবাহনের লেনে ঢুকে একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এ সময় মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসযাত্রী অমিত হাসানও আহত হন।

ভুরুঙ্গামারীতে শিশুর মৃত্যু

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আয়শা নামে চার বছরের বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভুরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের আমিনুর রহমানের মেয়ে। সোমবার বিকালে উপজেলার তিলাই উচ্চবিদ্যালয় সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আয়শা বিকালবেলা পাশের বাড়ি থেকে রাস্তা পার হয়ে নিজ বাড়ি ফিরছিল। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর পড়ে মাথায় মারাত্মক আঘাত পায় এবং নাক, মুখ ও কান দিয়ে রক্ত ঝরতে থাকে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

চট্টগ্রামে কলেজছাত্রী নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) জানায়, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন যাত্রী আহত হয়েছেন। নিহত সুরাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আরব শাহ ঘোনাপাড়া এলাকার বাসিন্দা মাওলানা আরিফুল রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী ই¤েপরিয়াল পরিবহনের একটি বাস এবং চট্টগ্রামগামী পূরবী পরিবহনের আরেকটি বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।

কুষ্টিয়ার বাস-ট্রাকে সংঘর্ষে নিহত ১

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দশমাইল এলাকায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে পাটের বস্তাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। তার নাম মনির হোসেন (২২)। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সুরুজ আলীর ছেলে। সকাল ৭টার দিকে বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কুষ্টিয়ামুখী শ্যামলী পরিবহনের বাসটির বিপরীত দিক থেকে লালন শাহ সেতুর দিকে যাচ্ছিল পাটের বস্তাবোঝাই ট্রাকটি। হঠাৎ সামনের চাকার টায়ার ফেটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

মধুপুরে কলেজছাত্রের মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার নাম জয় (২২)।

সোমবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী প্রত্যক্ষদর্শী জানান, জয় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ এক বৃদ্ধ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে রক্ষা করতে গিয়ে জয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। যেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জয় মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি মধুপুর পৌর শহরের সরকারি কলেজ এলাকায় তার আপন চাচা যোগেশ্বরের সাথে ভাড়া থেকে পড়াশোনা করতেন। গ্রামের বাড়ি বগুড়া জেলায় জানা গেছে।

গৌরনদীতে কুয়েত প্রবাসী নিহত

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বটতলা কাপালিকান্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল দুপুরে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কুয়েত প্রবাসী সোহেল ফকির (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহসিন হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বটতলা কাপালিকান্দি এলাকায় উপজেলার খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে কুয়েত প্রবাসি সোহেল ফকির (৩০) মটরসাইকেল থামিয়ে দাড়িয়ে কথা বলছিল। দুপুর একটার দিকে ঢাকাগামি চন্দ্রা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন।ঝিনাইদহে প্রবাসী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আহতের নামপরিচয় জানা যায়নি।

গতকাল দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। দীর্ঘ দিন প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করতেন, সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন।

বগুড়ায় ভটভটি উল্টে নিহত ১

বগুড়া অফিস জানায়, বগুড়ার সোনাতলায় শ্যালো মেশিনচালিত তিন চাকার অবৈধ যান (ভটভটি) উল্টে কুড়ানু প্রামাণিক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমোহনে সেতু ভেঙে ট্রলি খালে

লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ-ধলীগৌরনগর ইউনিয়নের সংযোগ সেতু ভেঙে বালুবোঝাই ট্রাক্টর ট্রলি খালে পড়ে চালক নিহত ও হেলপার আহত হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে একটি ট্রাক্টর ট্রলি রমাগঞ্জ থেকে বালু নিয়ে ধলীগৌরনগর ইউনিয়নে যাওয়ার জন্য সেতুটি পার হওয়ার জন্য পূর্ব মাথায় যাওয়ার আগেই হঠাৎ তা ভেঙে পড়ে, এতে বালুবোঝাই ট্রাক্টর-ট্রলিটি বেতুয়ার খালে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন হেলপার। নিহত চালকের নাম মো: নাঈম (২২) তিনি ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলা এলাকার সালাউদ্দিন মাস্টার বাড়ির মো: ফরিদের ছেলে। আহত হেলপারের নাম মো: আল-আমীন (১২)। তিনি একই এলাকার মো: ভুট্টো মিয়ার ছেলে।

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বাগাতিপাড়ায় স্কুল ছুটির পরে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আয়েশা খাতুন (৬) নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জিগরী আজগোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকেলে তার মৃত্যু হয়। নিহত আয়েশা খাতুন ওই এলাকার আবদুল হালিমের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা উপজেলার তামালতলা ইকরা ইসলামিক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো আজও স্কুল ভ্যানে করে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে পৌঁছালে ভ্যানচালক তাকে রাস্তার বিপরীত পাশে নামিয়ে দেয়। এরপর আয়েশা দ্রুত রাস্তা পার হওয়ার দৌড় দিলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।