ময়মনসিংহ অফিস
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার দায়ে পাঁচ নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
গত রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরণ), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন; গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সর্বপর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনদলীয় প্রাথমিক মনোনয়ন পান ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। এরপর থেকেই উপজেলা বিএনপি আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরণের একাশের সমর্থকরা দলীয় সিদ্ধান্তকে অমান্য বিক্ষোভসহ রেলপথ ও সড়ক পথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল, যা জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। রোববার সন্ধ্যায় দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত ও ভাঙচুরের ঘটনা ঘটে।



