গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ার খবর প্রকাশের পর এ বিষয়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন ছারছীনার পীর আলহাজ হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।
এক বিবৃতিতে ছারছীনার পীর প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। এ দেশের মানুষের ঈমান-আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও দীর্ঘদিনের মাজহাবি ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের অন্যতম কর্তব্য। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ধর্মীয় দৃষ্টিভঙ্গি, আকিদা ও দেশের প্রচলিত মাজহাবি ঐতিহ্যের প্রতি তার অবস্থান অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, ‘বাংলাদেশে কোনোভাবেই মাজহাব ও আকিদাবিরোধী কোনো ব্যক্তিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থান দেয়া উচিত নয়। এ দেশের তাওহিদি জনতা তাদের ঈমান, আকিদা, দ্বীন ও আদর্শের নিরাপত্তার জন্য অত্যন্ত সচেতন। তাই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের ধর্মীয় অনুভূতি ও আকিদাগত বিষয়কে যথাযথ গুরুত্ব দিতে হবে।’
ছারছীনার পীর প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আরো বলেন, ‘আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আকিদা, দ্বীন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সেই জন-আকাক্সক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে হবে।’
তিনি বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় শুধু একটি প্রশাসনিক মন্ত্রণালয় নয়; এর সাথে দেশের মসজিদ-মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, হজ ব্যবস্থাপনা, ওয়াক্ফ-সহ মুসলিম জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় সম্পৃক্ত। তাই এ মন্ত্রণালয়ের দায়িত্ব এমন ব্যক্তির হাতে দেয়া উচিত, যিনি দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের আকিদা, বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল।
ছারছীনার পীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের শান্তি, ধর্মীয় সম্প্রীতি ও ঈমান-আকিদার সুরক্ষার স্বার্থে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বশীল ব্যক্তি নির্বাচনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তাওহিদি জনতার প্রত্যাশা ও ধর্মপ্রাণ মানুষের আকাক্সক্ষাকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিজ্ঞপ্তি।



