ঢাবিতে ‘অ্যাকাউন্টিং ১৯৭৯ ব্যাচ’ ও ‘অধ্যাপক নাজমা বেগম’ ট্রাস্ট ফান্ডের বৃত্তি প্রদান

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগ এবং অর্থনীতি বিভাগের ১৪ শিক্ষার্থীকে প্রায় তিন লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। ‘অ্যাকাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড’ এবং ‘অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড’-এর আওতায় তাদের এই বৃত্তি প্রদান করা হয়। রোববার ভিসির সভাকক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো: মাকছুদুর রহমান সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহম্মদ, দাতা সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমা বেগম, বিনয় কৃষ্ণ বালা, পরেশ চন্দ্র রায়, মো: কামাল উদ্দিন, এ কে এম জসীম উদ্দিন ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‘অ্যাকাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ১৯৭৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এই ফান্ডের আওতায় প্রতি বছর অ্যাকাউন্টিং বিভাগের বিবিএ (সম্মান) শ্রেণীতে অধ্যয়নরত প্রথম বর্ষের চারজন, দ্বিতীয় বর্ষের দুইজন এবং তৃতীয় বর্ষের দুইজনসহ মোট আটজন মেধাবী শিক্ষার্থীকে এককালীন ২৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতি বছর অর্থনীতি বিভাগের বিএসএস (সম্মান) প্রথম বর্ষের দুইজন, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের একজন করে এবং এমএসএস শ্রেণীর একজনসহ মোট ছয়জন শিক্ষার্থীকে সমপরিমাণ বৃত্তি প্রদান করা হয়। প্রতিটি বৃত্তির পরিমাণ ১৮ হাজার ৩২৮ টাকা। বিজ্ঞপ্তি।