ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ফাইনালের পর প্রথমবারের মতো গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তার জোড়া গোল ও একটি গোলে সহায়তায় লিগস কাপের ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।
বুধবার রাতে বৃষ্টিবিঘিœত ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেসের হেডে এগিয়ে যায় সান লুইস। তবে ১১তম মিনিটেই সমতা ফেরান মেসি। নোয়া অ্যালেনের দীর্ঘ পাস নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত শটে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।
প্রথমার্ধের ৪৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এরপর যোগ করা সময়ে তার কর্নার থেকে হেডে ব্যবধান আরও বাড়ান ডিফেন্ডার মিকায়েল। ম্যাচে মায়ামির হয়ে অপর গোলটি করেন তেলাস্কো সেগোভিয়া। সান লুইসের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফা লোরেন্তে ।
দ্বিতীয়ার্ধে বজ্রপাতের আশঙ্কায় প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ ছিল। বিরতির পরও নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।
এই জোড়া গোলে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠেছেন মেসি। ১২ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১৪, যা লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার চেয়ে একটি বেশি।
স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ ব্যবধানে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালের পর এটি ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করতে পারেননি তিনি। তবে এবার শুরু থেকেই মাঠে নেমে জোড়া গোল করে নিজের ছন্দে ফেরার বার্তা দিলেন।
এই জয়ে টানা অষ্টম ম্যাচে অপরাজিত থাকল ইন্টার মায়ামি। ২০২৩ সালে মেসির নেতৃত্বে লিগস কাপ জিতেছিল ক্লাবটি। এবারও শিরোপার লড়াইয়ে নিজেদের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করল তারা।



