মোহাম্মদ মাহবুব হোসাইন ফ্রান্স থেকে
বিশ্বকাপ ফুটবল কেবল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি কোটি মানুষের আবেগ, স্বপ্ন ও উচ্ছ্বাসের নাম। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের মতো ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীরাও বিশ্বকাপকে ঘিরে বিশেষ উৎসাহে মেতে ওঠেন। প্রবাস জীবনের ব্যস্ততা, কর্মব্যস্ত দিনযাপন এবং নানা বাস্তবতার মাঝেও বিশ্বকাপ এলেই বাংলাদেশী কমিউনিটিতে তৈরি হয় এক ভিন্ন আবহ। মনে হয়, হাজার মাইল দূরে থেকেও তারা বাংলাদেশের সেই চিরচেনা ফুটবল উন্মাদনার অংশ হয়ে উঠেছেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসসহ সারসেলস, সাঁ-দনি, ওবেরভিলিয়ে, বো-বিনি, মেট্রো ওশ, গার দ্য নর, মার্সেই, লিয়োঁ, স্ট্রাসবুর্গ ও তুলুজের মতো শহরগুলোতে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কে জিতবে বিশ্বকাপ, কোন দল সবচেয়ে শক্তিশালী, কোন খেলোয়াড় সেরা পারফরম্যান্স দেখাবেন; এসব নিয়ে চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত সরগরম হয়ে ওঠে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে বাংলাদেশীদের আবেগ এখনো আগের মতোই। প্রবাসেও এই দুই দলের সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ তর্ক-বিতর্ক ও খুনসুটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণ।
প্যারিসে বসবাসরত ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, বিশ্বকাপের সময় মনে হয় আবার শৈশবে ফিরে গেছি। বাংলাদেশে বন্ধুদের সাথে রাত জেগে খেলা দেখার স্মৃতি এখনো আমাকে আলোড়িত করে। এখন প্রবাসী বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে একসাথে খেলা দেখি।
তবে বিশ্বকাপ থেকে ফ্রান্স বিদায় নিলে সমর্থনের চিত্রে পরিবর্তন আসে। তখন অনেকেই পরিবার ও কমিউনিটির দীর্ঘদিনের আবেগের সূত্র ধরে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকে বিভক্ত হয়ে পড়েন। প্যারিসে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী মোহাম্মদ হাসান জানান, বাংলাদেশে থাকাকালে মূলত আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা দেখতাম। কিন্তু ফ্রান্সে এসে এখানকার ফুটবল ঐতিহ্য ও সমর্থকদের আবেগ আমাকে মুগ্ধ করেছে। এখন ফ্রান্সের ম্যাচও সমান আগ্রহ নিয়ে উপভোগ করি।



