নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, পথচারী-বান্ধব ও যানজটমুক্ত করতে স্থানীয় সরকার বিভাগ ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১২০(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ডিএসসিসি ও ডিএনসিসি এলাকায় এই নীতিমালা এবং এর আওতায় নির্দিষ্ট ফি নির্ধারণ করে গতকাল পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরিপত্র অনুযায়ী এককালীন নিবন্ধন ফি পাঁচ হাজার টাকা। বার্ষিক নবায়ন ফি আড়াই হাজার টাকা এবং স্থান ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রতি হকার মাসিক তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
‘হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’-এর মূল নির্দেশনাবলি অনুযায়ী নিবন্ধন ও বারকোডযুক্ত লাইসেন্স পেতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর ও বাংলাদেশের নাগরিক হতে হবে। নিবন্ধিত হকারদের ব্যবসার স্থান ও সময় উল্লেখসহ বারকোড-কিউআর কোডযুক্ত ডিজিটাল পরিচয়পত্র দেয়া হবে।
হলিডে ও নৈশকালীন মার্কেট : হলিডে মার্কেট- শুধু শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত স্থানে (যেমন : সরকারি অফিসের সামনের প্রশস্ত রাস্তা বা শিক্ষা প্রতিষ্ঠানের চত্বর) পরিচালিত হবে।
নৈশকালীন মার্কেট : বাণিজ্যিক এলাকায় অফিস সময় শেষে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কার্যকর হবে। তবে মাঠ, উপাসনালয় বা কবরস্থানে কোনো মার্কেট বসানো যাবে না।
নারী ও প্রতিবন্ধী হকারদের অগ্রাধিকার : স্থান বরাদ্দের ক্ষেত্রে ৩০ শতাংশ জায়গা নারী ও প্রতিবন্ধী হকারদের জন্য সংরক্ষিত থাকবে।
পথচারী বান্ধব ফুটপাথ : ফুটপাথে পথচারী চলাচলের জন্য ন্যূনতম ১.৫ মিটার (প্রায় ৫ ফুট) জায়গা উন্মুক্ত রাখা বাধ্যতামূলক এবং কোনো স্থায়ী অবকাঠামো তৈরি করা যাবে না।
বর্জ্য ব্যবস্থাপনা ও সুশাসন : হকারদের নিজ দায়িত্বে স্থান পরিষ্কার রাখতে হবে এবং নির্ধারিত বিনে আবর্জনা ফেলতে হবে। লাইসেন্স ব্যতীত বা নির্দেশিত সীমানা লঙ্ঘন করে ব্যবসা করলে উচ্ছেদসহ নিবন্ধন বাতিল করা হবে।
ডিএসসিসিতে মতবিনিময় সভা : ঢাকার মতো দ্রুত বর্ধনশীল মেগাশহরে জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুশৃঙ্খল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গতকাল ডিএসসিসি নগর ভবন অডিটোরিয়ামে হকার ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহর ও এর নাগরিকদের নাগরিক সুবিধা বহাল রাখতে হলে সুশৃঙ্খল হকার ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। আমরা যেমন হকারদের জীবিকা বন্ধ করতে চাই না, তেমনি সারা দেশের ভাসমান মানুষকে হকার রূপে ঢাকায় পুনর্বাসন করাও সম্ভব নয়।
হকার ব্যবস্থাপনা নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, আমরা সবাই হকার সমস্যার একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধান চাই। সরকার কর্তৃক জারিকৃত নীতিমালা অনুযায়ী নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে হকারদের নিবন্ধন, নিয়মিত নবায়ন এবং নির্ধারিত সড়ক ও সময়ে ব্যবসা করার শৃঙ্খলা মেনে চললেই এ সমস্যার টেকসই সমাধান সম্ভব।
প্রশাসক বলেন, মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেয়া হবে না। কেবল যেসব রাস্তায় প্রশস্ত ফুটপাথ রয়েছে সেসব নাগরিকদের চলাচলের জন্য উন্মুক্ত জায়গা সংরক্ষিত রেখে নির্দিষ্ট সংখ্যক নিবন্ধিত হকার বসানো হবে। অবশিষ্ট হকারদের জন্য হলিডে মার্কেট, নাইট মার্কেট চালু করা হবে।
মতবিনিময় সভায় ডিএসসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাজস্ব বিভাগের কর্মকর্তা মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি : ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ডিএসসিসির রাজস্ব বিভাগের কর্মকর্তা মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে কেন প্রচলিত আইনে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
গত রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট নিরসন ও ট্রেড লাইসেন্স সেবার মানবৃদ্ধি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম। সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিসিসিআই ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো সরাসরি অভিযোগ উত্থাপন করেন যে, গত ২৩ ও ২৪ জুন অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্প চলাকালে ওই লাইসেন্স সুপারভাইজার ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন। তবে দেড় মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলেও লাইসেন্সগুলো নবায়ন করে দেননি এবং পরে ফোনে যোগাযোগ করা হলে তিনি টালবাহানা করে সময়ক্ষেপণ করেন।
ব্যবসায়ী নেতার অভিযোগ শোনামাত্রই ডিএসসিসির প্রশাসক তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রশাসকের নির্দেশক্রমে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
নাগরিক ও ব্যবসায়ী সেবায় যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বিষয়ে ডিএসসিসি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে উল্লেখ করে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানান, শোকজের লিখিত জবাব পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।



