বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে মার্কেট দোকান বন্ধ

Printed Edition

বিশেষ সংবাদদাতা

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা আরো কার্যকর করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সাথে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। নতুন এ নির্দেশনা গতকাল বুধবার ১২ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।

গতকাল বুধবার রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। ফলে আগের সময়সীমার তুলনায় দোকান ও মার্কেট বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হলো। এর আগে গত ১১ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে রাত ৮টার পর এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন স্থানে ব্যবহৃত আলোকসজ্জা ও বিজ্ঞাপন কার্যক্রমের ওপরও সময়সীমা আরোপ করা হয়েছে। সরকারের নির্দেশনায় সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভবন, স্থাপনা ও বাণিজ্যিক এলাকায় ব্যবহৃত আলোকসজ্জাও সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য ও চলমান মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও নতুন সময়সূচির আওতায় আনা হয়েছে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। ফলে রাত পর্যন্ত চলা বিভিন্ন বাণিজ্যিক ও সাংস্কৃতিক আয়োজনের সময়ও সীমিত করা হলো। তবে জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো: মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ও লোডশেডিং নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জ্বালানি ও গ্যাস সরবরাহ সঙ্কটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ে লোডশেডিং বেড়েছে। এর প্রভাব বিশেষ করে গ্রামাঞ্চলে বেশি পড়ছে।

বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনার ফলে সন্ধ্যার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনায় বিদ্যুতের ব্যবহার কমবে বলে আশা করা হচ্ছে। একই সাথে আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার কারণে পিকআওয়ারে বিদ্যুতের ওপর চাপ কিছুটা কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী এখন থেকে শপিং মল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। সব ধরনের আলোকসজ্জাও বন্ধ থাকবে। পাশাপাশি মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি চলমান বিদ্যুৎ ব্যবস্থাপনার চাপ সামাল দিতে সরকারের এ সিদ্ধান্তকে একটি তাৎক্ষণিক ব্যবস্থাপনা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে এসব সময়সীমা পুনর্বিবেচনা করা হবে কি না, সে বিষয়ে স্মারকে কোনো নির্দেশনা দেয়া হয়নি।