বগুড়া অফিস
বগুড়ার দুপচাঁচিয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া সদর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি সম্রাট হোসেন বাপ্পা (৪১) হাসপাতালে মারা গেছেন। গত ২৫ জুন গুরুতর আহত হয়ে ঢাকায় হাসপাতালে অচেতন অবস্থায় ছিলেন তিনি। শনিবার রাত পৌনে ১২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামায়াত নেতা সম্রাটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামায়াতে ইসলামী বিকেলে বিক্ষোভের ডাক দেয়। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা রফিক আকন্দ (৬৮) এর ছোট ভাই বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল করিম ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বড় ভাই রফিক আকন্দের ওপর হামলা করে। বাবাকে বাঁচাতে রফিক আকন্দের ছেলে জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পী এগিয়ে গেলে তার ওপরও হামলা করে সন্ত্রাসীরা। হামলায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান সম্রাট। স্বামী এবং ছেলেকে বাঁচাতে জোসনা বেগম (৬২) এগিয়ে গেলে তাকেও বেদম মারধর করা হয়। তাদের চিৎকারে লোকজন ছুটে এসে ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হলে পরের দিন ঢাকায় স্তানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সম্রাট মারা যান।
এ দিকে, এ ঘটনায় সম্রাটের মা জোসনা বেগম বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত সন্ত্রাসীদের নামে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ বিএনপি নেতা আব্দুল করিম এবং তার স্ত্রী মিথিলাকে গ্রেফতার করেছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, মূল অভিযুক্তসহ দু’জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের জানিয়েছেন, সম্রাট হত্যার প্রতিবাদে দুপচাঁচিয়ায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জানাজা শেষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত।



