বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সঞ্জীবন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা, সঞ্জীবন প্লাটুনের সদস্যদের সাথে মতবিনিময় এবং বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন। এ সময় তিনি সঞ্জীবন প্লাটুনের সদস্যদের দক্ষতা ও জনসেবামূলক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সকালে মহাপরিচালক কুমিল্লা রেঞ্জে লাকসাম উপজেলা সঞ্জীবন প্লাটুনের সদস্যদের নিয়ে ‘সঞ্জীবন প্লাটুন গঠন, প্রকল্প নির্বাচন ও সদস্যদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি সঞ্জীবন প্লাটুনের বাস্তবায়ন কৌশল, কার্যপরিকল্পনা, সদস্যদের দায়িত্ব এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে মহাপরিচালক লালমাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার, আন্তঃবাহিনী সমন্বয় বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আরো কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এ মহড়ায় এবারই প্রথমবারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করছেন। পরিদর্শনকালে কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহা: মাহবুবুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



