মগবাজারে নবীন ফ্যাশনের ঘটনায় হাতিরঝিল থানার ওসি প্রত্যাহার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে ‘নবীন ফ্যাশন’ শোরুমে সংঘটিত ঘটনায় হাতিরঝিল থানার ওসিকে প্রত্যাহার করে ডিএমপি হেডকোয়ার্টার্সে ও এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, মগবাজার বিশাল সেন্টারে একটি দোকানে সংঘটিত ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ডিএমপি। গত শুক্রবার ওই মার্কেটের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সাথে সংশ্লিষ্ট শোরুমের একটি অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হয়। ওই ঘটনায় কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা ছিল কি না তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

এই ঘটনায় ইতোমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে ও এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে। এই সংক্রান্তে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগের দিন গত ২০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেন। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেয়ার’ সাথে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। এ সময় পুলিশের উপস্থিতিও দেখা যায়।

এ দিকে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে নবীন ফ্যাশনের শোরুম জোর করে বন্ধ করার ঘটনায় পুলিশ কেন নীরব ছিল, তার কারণ দর্শাতে হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। একই সাথে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খোলারও নির্দেশ দেয়া হয়েছে।