চীনকে পাশ কাটিয়ে নিরাপত্তা চুক্তিতে সই করল অস্ট্রেলিয়া ও ভানুয়াতু

Printed Edition

আলজাজিরা

ভিন্ন দেশের বিনিয়োগের প্রভাব সংক্রান্ত আশঙ্কায় কয়েক মাস ঝুলে থাকার পর অবশেষে উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ভানুয়াতু। নতুন এই চুক্তি অনুযায়ী, ভানুয়াতুর গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামোতে তৃতীয় কোনো পক্ষ বা দেশ বিনিয়োগ করতে চাইলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিকে অবশ্যই আগে অস্ট্রেলিয়ার সাথে পরামর্শ করতে হবে। পাশাপাশি ভানুয়াতুর প্রধান নিরাপত্তা ও পুলিশি সহযোগী হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখবে ক্যানবেরা। এই দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে আগামী ১০ বছরে ভানুয়াতুকে ৫০ কোটি অস্ট্রেলিয়ান ডলার আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ স্পষ্ট করেছেন যে, ভানুয়াতু তাদের ভূখণ্ডে কোনো বিদেশী সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেবে না এবং দেশের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেবে না। মূলত, অভ্যন্তরীণ রাজনৈতিক নানা সমীকরণ ও উদ্বেগের কারণে গত সেপ্টেম্বরে নির্ধারিত সময়ে চুক্তিটি সই করা সম্ভব হয়নি, যা বেশ কয়েক মাস পিছিয়ে যায়।

উল্লেখ্য, ভানুয়াতুর বর্তমান অর্থনীতিতে চীন সবচেয়ে বড় বিদেশী ঋণদাতা দেশ হিসেবে রয়েছে। বেইজিংয়ের অর্থায়নে ইতোমধ্যে দ্বীপরাষ্ট্রটিতে রাষ্ট্রপতির কার্যালয়, সংসদ ভবন ও প্রধান সড়কসহ বড় বড় বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে।