সাতক্ষীরাবাসীকে ডিসির ‘ধর্মান্ধ’ মন্তব্যের প্রতিবাদে ওলামা মাশায়েখদের বিক্ষোভ

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করে দেয়া জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলার ওলামা মাশায়েখ পরিষদ। বিকেলে শহরের নিউমার্কেট মোড়ে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রবীণ আলেম অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তমআলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেন প্রমুখ।

তারা বলেন, সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করে জেলা প্রশাসক কাউসার আজিজের দেয়া বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণœ করেছে।

তারা আরো বলেন, সাতক্ষীরার মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে আসছে। এ ধরনের মন্তব্য জেলার জনগণের প্রতি অসম্মানজনক এবং অনভিপ্রেত। তারা অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যার দাবি জানান।