ক্রীড়া প্রতিবেদক
২০১৯ সালে সর্বশেষ হয়েছিল এস এ গেমস। এরপর ২০২১ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল এই গেমস; কিন্তু ২০২১ পেরিয়ে চলতি ২০২৬ সালেও গেমসটি আয়োজন করতে পারেনি পাকিস্তান। সর্বশেষ সিদ্ধান্ত ছিল আগামী বছর ২১ মার্চ থেকে ৩১ মার্চ অনুষ্ঠিত হবে এই গেমস; কিন্তু কয়েকদিন আগে পাকিস্তানের ইসলামাবাদে হওয়া সাউথ এশিয়ান অলিম্পিক কমিটির সভায় পাকিস্তান জানিয়েছে, তাদের পক্ষে মার্চেও করা সম্ভব নয় এই গেমস। বরং আরো এক মাস পরে করতে পারবে তারা। অর্থাৎ আগামী বছর এপ্রিলে তারা আয়োজন করতে পারবে এস এ গেমস। তারিখ অবশ্য চূড়ান্ত হয়নি। এই গেমসে বাংলাদেশ ২৮ ডিসিপ্লিনের মধ্যে ২৬টিতে অংশ নেবে। ট্রায়াথলন এবং রোইংয়ে অংশ নেবে না।
এ দিকে ১৪ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি নাগোয়া ও ওসাকাতে হবে এবারের এশিয়ান গেমস। এই গেমসে ১৭ ফেডারেশনের আগের কমিটির ৩৩ কর্মকর্তাকে বাদ দিয়ে বর্তমান কমিটিগুলোর সমসংখ্যক কর্মকর্তাদের পাঠাতে হচ্ছে। বেশ ঝামেলাপূর্ণ এই কাজ শেষ পর্যন্ত সম্পন্ন করেছে বিওএ। মোট ৩৪ জনের নাম পরিবর্তন করা হয়েছে। এদের মধ্যে খেলোয়াড় শুধু রাসেল মাহমুদ জিমি। এই হকি খেলোয়াড়কে আগের কমিটির সময় জাতীয় দল থেকে ছুড়ে ফেলা হয়।
এশিয়ান গেমসে বাংলাদেশ ২২ ডিসিপ্লিনে অংশ নেবে। এর মধ্যে পদক জয়ের সম্ভাবনা ক্রিকেট ও কাবাডিতে।



