১৯ মামলার আসামি গ্রেফতার
রাজবাড়ী সদর থানা পুলিশ এক অভিযানে ১৯টি মামলার পরোয়ানাভুক্ত আসামি মশিউর রহমান মিথুন মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে। গত শনিবার সদর থানার কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিথুন রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা এলাকার রহমত মোল্লার ছেলে। মিথুন দীর্ঘদিন ধরে এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে চুরি-সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-সহ মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল। রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওসি উত্তম কুমার ঘোষ জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা।
বিশেষ অভিযানে গ্রেফতার ৪৫
সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত শুক্রবার মধ্যরাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত টানা ৩২ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি, মাদককারবারি, মাদকসেবী ও সন্দেহভাজন ব্যক্তি রয়েছে। এ সময় ১৬৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১৯টি যানবাহন আটক করা হয়। গতকাল রোববার এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট নগরী গড়তে এ অভিযান ও ট্রাফিক তদারকি অব্যাহত থাকবে। সিলেট ব্যুরো।
কাজ না করে বিল উত্তোলন
মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। গতকাল রোববার সকালে সদর উপজেলার খাগদী এলাকায় প্রতিষ্ঠানটিতে যান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তিনি নথিপত্র যাচাই করেন এবং কর্মকর্তাদের সাথে কথা বলেন। জানা যায়, দুই বছর আগে মেয়াদ শেষ হলেও সেখানে গবেষণা শেড নির্মাণ করা হয়নি। কোনো কাজ না করেই ২০২৪-২৫ অর্থবছরের সরকারি বরাদ্দের ছয় লাখ টাকা তুলে নেয়ার অভিযোগ ওঠে প্রকল্প পরিচালক ডা: সেলিম আহম্মেদ ও হিসাবরক্ষণ কর্মকর্তা নাহিদা আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে। পরিদর্শনকালে সংসদ সদস্য জানান, কর্মকর্তা ও কর্মচারীরা ভূমি অধিগ্রহণ জটিলতার কথা বলেছেন। জটিলতা দ্রুত নিরসন করে শেড নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে। তা না হলে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। মাদারীপুর প্রতিনিধি।
বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি বন্ধ
গেট কারপাস জটিলতাকে কেন্দ্র করে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা গত শনিবার থেকে গেট কারপাস ইস্যু না করায় এ অচলাবস্থার সৃষ্টি হয়। এতে ভারতের পেট্রাপোল সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে, যার বড় অংশই তৈরী পোশাক খাতের কাঁচামাল। সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা জানান, আমদানিকৃত চালানের মধ্যে কোনো অবৈধ মালামাল থাকলে কাস্টমস কর্তৃপক্ষ তার দায় নিতে চাইছে না এবং তা সিঅ্যান্ডএফ এজেন্টদের ওপর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। এই শর্তে তারা গেটপাস না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমদানিকারকদের দাবি, ভারতীয় ট্রাকচালকরা পথে কিছু তুললে তার দায় সিঅ্যান্ডএফ প্রতিনিধিদের নেয়া সম্ভব নয়। বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, কারপাস জটিলতায় আমদানি বন্ধ থাকলেও ভারতের সাথে পণ্য রফতানি এবং পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল (যশোর) সংবাদদাতা।
ক্ষতিগ্রস্ত ও অসহায়দের আর্থিক সহায়তা
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। গতকাল রোববার বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার চেক হস্তান্তর করেন। ইতোমধ্যে আগুনে পুড়ে যাওয়া পৌর এলাকার কালীবাড়ী রোডের ‘সংকর স্টোর’-এর ক্ষতিগ্রস্ত মালিককে এই সাহায্য প্রদান করা হয়। এ ছাড়া অসুস্থ পৌর বিএনপির সহসভাপতি মো: ফারুক সরদারসহ আরো চারজনের হাতে অনুদানের অর্থ তুলে দেয়া হয়। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার উপস্থিত ছিলেন। চেক বিতরণকালে প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই জেলা পরিষদ সবসময় বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বিত্তবানরা এগিয়ে এলে সমাজে সহমর্মিতার পরিবেশ গড়ে উঠবে। ঝালকাঠি প্রতিনিধি।
৬ রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
নওগাঁর রানীনগরে গ্রামীণ ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখায় ছয়জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার রাতে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত প্রবাসীরা হলেন- মালয়েশিয়া প্রবাসী মেহেদি হাসান, নাজমুল ইসলাম, জাহিদুল দফতরি; সৌদি প্রবাসী আবু বক্কর সিদ্দিক, নাহিদ সরদার এবং চীন প্রবাসী মিনহাজ শেখ। সূর্য তরুণ ক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাস ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এসআই সিরাজুল ইসলাম, শিক্ষক খলিলুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, তাদের এই ত্যাগের সম্মান জানাতেই ক্লাবের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই সংবর্ধনার উদ্যোগ নেয়া হচ্ছে। স্মারক হিসেবে প্রত্যেককে একটি করে কদবেলগাছের চারা উপহার দেয়া হয়। রানীনগর (নওগাঁ) সংবাদদাতা।
নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর বড় পাথর এলাকা থেকে নিখোঁজ পর্যটক জাওয়াদুল ইসলামের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে তিন্দু বড় পাথরের কাছে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ও স্থানীয়রা মিলে নদী থেকে লাশটি উদ্ধার করেন। জাওয়াদুলের বাড়ি ময়মনসিংহের মাসকান্দা এলাকায়। জানা যায়, গত ২৪ জুলাই বিকেলে পাঁচজনের একটি দল তিন্দু বাজার থেকে ইঞ্জিনচালিত নৌকায় বড় পাথর যাচ্ছিল। পথে তীব্র স্রোতের তোড়ে নৌকাটি উল্টে গেলে জাওয়াদুল নিখোঁজ হন। ফায়ার সার্ভিস, ডুবুরিদল, বিজিবি ও স্থানীয়রা টানা চেষ্টা চালিয়েও তখন তার সন্ধান পাননি। ঘটনার তিন দিন পর দুর্ঘটনাস্থলের কাছেই তার লাশ ভেসে ওঠে। নদীপথে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় থানচি সদর থেকে তিন্দু পর্যন্ত আগামী ৩০ জুলাই পর্যন্ত সবধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বান্দরবান প্রতিনিধি।
গাজীপুর কারাগারে হাজতির মৃত্যু
গাজীপুর কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত মো: সেলিম (৩৩) গাজীপুরের কাপাসিয়া থানার কাজাহাজী এলাকার আতাউর রহমানের ছেলে। গত শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। গাজীপুর জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ জুয়েলের ভাষ্য, মো: সেলিম একটি হত্যামামলার আসামি হিসেবে গত ৯ জুন এ কারাগারে আসেন। শনিবার ভোর ৪টার দিকে তিনি বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি ভোর ৫টা ১০ মিনিটে ওই হাসপাতালে মারা যান। গাজীপুর জেলা প্রতিনিধি।



