বাঁচা মরার লড়াইয়ে কাতার ও বসনিয়া

Printed Edition

ক্রীড়া ডেস্ক

দুই দলেরই সামনে একই সমীকরণ জিততে হবে। তারপর তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। হার মানেই বিদায়। এমন সমীকরণ সামনে নিয়ে শেষ রাউন্ডে আজ রাত ১টায় সিয়াটলে মুখোমুখি হবে কাতার ও বসনিয়া।

দুই ম্যাচ শেষে গ্রুপের চিত্র বেশ নাটকীয়। বসনিয়া হার্জেগোভিনা ও কাতার দুই দলই সংগ্রহ করেছে মাত্র এক পয়েন্ট। গোল ব্যবধানের হিসাবে বসনিয়া তৃতীয়, কাতার চতুর্থ অবস্থানে। অন্য দিকে কানাডা ও সুইজারল্যান্ড এগিয়ে রয়েছে নকআউটের দৌড়ে।

বসনিয়া বিশ্বকাপ শুরু করেছিল ইতিবাচকভাবে। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ১-১ সমতায় শেষ করে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলে নেয় তারা। তবে দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে বড় ধাক্কা খেতে হয়। রক্ষণভাগের দুর্বলতা ও মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ৪-১ ব্যবধানে হেরে যায় দলটি।

কোচ সেরগেজ বারবারেজের দল এখন কঠিন সমীকরণের সামনে। নকআউটে যেতে হলে প্রথমে কাতারকে হারাতে হবে, এরপর কানাডাকে সুইজারল্যান্ডের কাছে হারতে হবে এবং শেষ পর্যন্ত গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে বসনিয়াকে।

তবে পরিস্থিতি কঠিন হলেও আশা পুরোপুরি শেষ হয়নি। ইতিহাসও তাদের বাড়তি প্রেরণা দিতে পারে। কাতারের বিপক্ষে আগে দুইবার খেলেও কখনো জিততে পারেনি বসনিয়া, একটি ড্র ও একটি হার। তাই এবার জয় এলে সেটি হবে দুই দলের লড়াইয়ে প্রথম বসনিয়ান সাফল্য।

অন্য দিকে কাতারও শুরুতে চমক দেখিয়েছিল। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ১-১ ড্র করেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে কানাডার কাছে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে পুরো সমীকরণ বদলে যায়।

কোচ জুলিয়ান লোপেতোগির দলের জন্য এই ম্যাচ কার্যত শেষ সুযোগ। জয় ছাড়া কোনো ফলই তাদের নকআউটে নিয়ে যাবে না। ড্র বা হার মানেই টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়।

দলীয় সংবাদেও দুই দলই কিছুটা চাপে। বসনিয়ার ডিফেন্ডার তারিক লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না। তার জায়গায় ডেনিস হাজদিকাদুনিচকে দেখা যেতে পারে। আক্রমণে থাকবেন অভিজ্ঞ অধিনায়ক এডিন জেকো।

কাতারের হয়ে নিষিদ্ধ হয়েছেন হুমান আহমেদ ও আসিম মাদিবো। ফলে রক্ষণ ও মাঝমাঠে পরিবর্তন আসছে নিশ্চিত। আক্রমণে আবারো ভরসা থাকবেন আকরাম আফিফ এবং গোলের অপেক্ষায় থাকা এডমিলসন জুনিয়র।

সমীকরণ, চাপ ও সুযোগ সব মিলিয়ে এটি হতে যাচ্ছে গ্রুপ পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর একটি।