সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এর আওতায় বিশেষ করে নেপালের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। এই উদ্যোগ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা সহযোগিতাকে আরো শক্তিশালী করবে।

গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর ধুমবারাহিতে ন্যাশনাল কলেজে আয়োজিত ‘অঢ়ঢ়ষরবফ চংুপযড়ষড়মু : ইবযধারড়ঁৎধষ ঝপরবহপব অফাধহপবসবহঃ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ক্রস-কালচারাল ও মাল্টিডিসিপ্লিনারি হাইব্রিড মডেলে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক, মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা অংশ নেন।

ভিসি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এবং আড়াই হাজারের বেশি কলেজ নিয়ে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় ৫০টি বিষয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী এ বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি অন্যতম প্রধান বিষয়। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের অনেক শিক্ষার্থী মানসিক আঘাত ও ট্রমার মধ্য দিয়ে গেছে। এ পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা, দক্ষ কাউন্সেলিং ব্যবস্থা এবং পর্যাপ্তসংখ্যক পেশাদার সাইকোলজিস্ট তৈরি এখন সময়ের অপরিহার্য দাবি। এ সময় তিনি কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়সহ নেপালের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য ঘোষিত স্কলারশিপের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

সম্মেলনে সার্ক মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শফিকুর রহমান, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. অচ্যুত ওয়াগল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দফতরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, গবেষক ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।