চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ করেছেন বাস চালক ও শ্রমিকরা। অবরোধের কারণে কদমতলী রেলগেট এলাকায় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছে এই রুটে চলাচল করা সাধারণ মানুষ। মঙ্গলবার বিকেলে নগরের কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, সকাল থেকে আন্তঃজেলা বাস শ্রমিকদের নির্বাচন চলছিল। ভোটারদের দীর্ঘ সারির কারণে বিকেলের দিকে অনেক শ্রমিক ভোট দিতে গেলে তাদের জানানো হয়, ব্যালট পেপার শেষ হয়ে গেছে। এতে অন্তত ১০০ থেকে ১৫০ জন ভোটার ভোট দিতে পারেননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগি¦বতণ্ডা ও হট্টগোল শুরু হয়। শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

ডবলমুরিং থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনূর আলম জানান, শ্রমিকদের নির্বাচন ছিল। যেখানে গণ্ডগোল হয়। এরপর থেকে তারা সড়ক অবরোধ করে আন্দোলন করে। কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় চেষ্টা চলছে।