সীতাকুণ্ড ( চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি ভাটিয়ারী মিলিটারি একাডেমি গেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। আগুনে ট্রেনের পাওয়ার কার (ইঞ্জিন অংশ) ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চলন্ত ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পাশের এসি বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পরপরই যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন এবং তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন।
রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, ‘আগুন মূলত পাওয়ার কারে লেগেছিল এবং পরে পাশের বগিতে ছড়িয়ে পড়ে। তবে ট্রেন থামানোর পর দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। ক্ষতিগ্রস্ত বগিগুলো মূল ট্রেন থেকে আলাদা করা হয়েছে। চট্টগ্রাম থেকে নতুন পাওয়ার কার পাঠানো হয়েছে, যা সংযোগ করার পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবে।’
অগ্নিকাণ্ডের কারণে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে কিছুটা ব্যাহত হলেও কোনো ট্রেনের শিডিউল বাতিল করা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।



