মোস্তাফিজের অপেক্ষায় দুবাই ক্যাপিটালস

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গত মৌসুমের শেষটা দুবাই ক্যাপিটালসের জন্য ছিল হতাশার। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-২০র (আইএলটি-২০) আসর শুরু করলেও শেষ পর্যন্ত এলিমিনেটরেই থেমে যায় তাদের পথ। কিন্তু দলের সেই ব্যর্থতার মধ্যেও আলো ছড়িয়েছিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আর সেই পারফরম্যান্সই হয়তো নতুন মৌসুমের আগে দুবাইয়ের আস্থার সবচেয়ে বড় কারণ!

পঞ্চম আসরের জন্য মোস্তাফিজকে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শুধু দলেই রাখা নয়, বাংলাদেশের পেসারকে নিয়ে নিজেদের উচ্ছ্বাসও প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তার বোলিংয়ের ভিডিও প্রকাশ করে এমন এক ক্যাপশন দিয়েছে দুবাই, যেখানে তার বোলিংকে তুলনা করা হয়েছে কবিতার সাথে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘কবিতা কে না ভালোবাসে? আর ফিজের বোলিং দেখা- সেটাই তো এর সেরা রূপ। মোস্তাফিজুর রহমান খুব শিগগিরই আবার আমাদের রঙে ফিরবেন। ফিজকে আবার মাঠে ফিরতে দেখার অপেক্ষায়।’

গত আসরে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। দলের ব্যর্থতার কারণে টুর্নামেন্টের শেষ চারেও জায়গা হয়নি, কিন্তু বোলার মোস্তাফিজ দলের হয়ে নিয়মিত উইকেট এনে দেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে তার কাটার ও গতি পরিবর্তন প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রেখেছিলেন। এবার দলটির লক্ষ্য পুরনো ব্যর্থতা থেকে বেরিয়ে নতুনভাবে শিরোপার দৌড়ে ফেরা।

বাংলাদেশের পেসারের পাশাপাশি আগের আসরের দল থেকে রোভম্যান পাওয়েলকেও রেখে দিয়েছে দুবাই। সরাসরি চুক্তিতে নিয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং আফগানিস্তানের স্পিনার নুর আহমাদকে। আইএলটি-২০র পঞ্চম আসরের নিলাম হবে ১ অক্টোবর। এরপর ২২ নভেম্বর শুরু হবে মূল টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই আবুধাবি নাইট রাইডার্সের মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস। ২০ ডিসেম্বর হবে ফাইনাল।