শিবচরে ৫০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

Printed Edition

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের শিবচরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হওয়ার আভাস মিলেছে। উপজেলার ছাত্রনেতা ফেরদৌস খান দুর্জয়ের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিকদলের প্রায় ৫০০ নেতাকর্মী ও সমর্থক দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। গত সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে শিবচর থেকে আগত নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতা অনিক হাসান পিয়াসসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ নেতৃত্ব ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে এনসিপি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। শিবচর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবে।