চট্টগ্রাম ব্যুরো
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আমান উল্লাহ খান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গতকাল জুমাবার বিকেল ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। আমান উল্লাহ খান হাদিয়ে যামান শাহসুফী মাওলানা আবদুল জব্বার (রাহ:) ও বাহরুল উলুম শাহসুফি মাওলানা কুতুবউদ্দিন (রাহ:)-এর অন্যতম শীর্ষ মুরিদ ও স্নেহধন্য ছিলেন। তিনি বায়তুশ শরফ কমপ্লেক্সের উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির আদর্শিক প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মরহুমের প্রথম জানাজার নামাজ আজ শনিবার সকাল ১০ টায় ঢাকা ফার্মগেটস্থ বায়তুশ শরফ কমপ্লেক্সে এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ এশা চট্টগ্রাম ডবলমুরিং ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বাতুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ আমান উল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (মা.জি.আ) এবং বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহসহ কেন্দ্রীয় সদস্যরা। তারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



