ঢাকায় সাফা আন্তর্জাতিক সম্মেলন ১৭ জানুয়ারি

Printed Edition

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আগামী ১৭ জানুয়ারি রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘পরবর্তী প্রজন্মের পেশা : নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ’।

সম্মেলন উপলক্ষে গতকাল বুধবার কাওরান বাজারে সিএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিএবি সভাপতি এন কে এ মবিন এফসিএ, সাফা অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেন এফসিএ এবং আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বসুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিসেস নাজমা মোবারেক। আইসিএবির আমন্ত্রণে এই সম্মেলনে প্রথমবারের মতো ঢাকায় উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর প্রেসিডেন্ট জ্যাঁ বুকো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আঞ্চলিক সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০০-এর বেশি পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থা ও শিক্ষাবিদ অংশগ্রহণ করবেন।

এ ছাড়া সম্মেলনে সাফার নেতৃত্ব হস্তান্তর করা হবে আইসিএবির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএর কাছে। আইসিএবির চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিকী এফসিএ সাফার এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পেশাদার হিসাববিদদের নৈতিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য। ভারত, পাকিস্তান, শ্র্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তানসহ সার্ক অঞ্চলের পেশাজীবীদের মিলনমেলা হিসেবে এই সম্মেলন জ্ঞান বিনিময় ও কৌশলগত সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে। বিজ্ঞপ্তি।