নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তুরাগের রূপায়ণ সিটির ভেতর মাদকের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পিটিয়ে মোহাম্মদ সজীব (২৭) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সজীব তুরাগের ধরঙ্গেরটেক এলাকায় ভাড়া থাকতেন এবং তার গ্রামের বাড়ি গাজীপুরের জয়দেবপুরে। বৃহস্পতিবার রাতে রূপায়ণ সিটির ভেতরে শ্রমিকদের মেসের সামনে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ঘাতক রুবেল ও তার সহযোগীরা পালিয়ে যায়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘাতক রুবেল এবং নিহত সজীব দু’জনই মাদক কারবারি ছিলেন। রুবেলের কাছ থেকে গাঁজা নিয়ে সজীব বিক্রি করতেন। বৃহস্পতিবার সজীবকে বিক্রির জন্য কিছু গাঁজা দেন রুবেল, কিন্তু সজীব বিক্রির পর এক হাজার টাকা কম দেয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রাতে রুবেল ও তার সহযোগীরা সজীবকে কাঠের লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে উত্তরার শহীদ মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘাতক রুবেলকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের নিচে থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ইলিয়াস হোসেন জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত মাদক সেবনের কারণে অসুস্থ হয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে।



