এনডিটিভি
ভারতের সুপ্রিম কোর্ট গতকাল সোমবার আসামের বিদেশী ট্রাইব্যুনালগুলোর ‘বিদেশী’ হিসেবে চিহ্নিত ২৭ জন ব্যক্তির নাগরিকত্ব-সংক্রান্ত মামলায় এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত বলেছে, কাউকে নাগরিক বা বিদেশী হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া অবশ্যই ন্যায্য হতে হবে। আদালত বলেছে, ‘নাগরিকত্ব এবং বিদেশী হিসেবে কারো মর্যাদা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনগত বিষয়।’
তবে একই সাথে শীর্ষ আদালত স্বীকার করেছে, বেআইনিভাবে কেউ যাতে ভারতীয় নাগরিকত্ব দাবি করতে না পারেন, তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের বৈধ ও গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। আদালত বলেছে, ‘যারা আইনগতভাবে ভারতীয় নাগরিকত্ব দাবি করার অধিকারী নন, তারা যেন প্রক্রিয়ার অপব্যবহার, মিথ্যা দাবি বা বিলম্বের সুযোগ নিয়ে সেই মর্যাদা অর্জন করতে না পারেন, তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের একটি বৈধ ও জোরালো স্বার্থ রয়েছে।’
কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে আদালত স্পষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের সেই স্বার্থ বিচারিক ন্যায়পরায়ণতার চেয়ে বড় হতে পারে না। রায়ে ভারতের সুপ্রিম কোর্ট গৌহাটি হাইকোর্ট এবং আসামের বিভিন্ন বিদেশী ট্রাইব্যুনালের দেয়া পূর্ববর্তী রায়গুলো বাতিল করেছে। একই সাথে নির্দেশ দিয়েছে, ট্রাইব্যুনালে আবার শুনানি না হওয়া পর্যন্ত ‘বিদেশী’ হিসেবে চিহ্নিত ওই ২৭ জনের বিরুদ্ধে কোনো ধরনের জবরদস্তিমূলক বা কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া যাবে না।



