লড়াই জমিয়ে দিলো ম্যানসিটি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে প্রাণ ফিরিয়ে আনা অলিখিত ফাইনালে রায়ান চেকির গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। কিন্তু মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই মিনিট পরই সিটিজেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার মারাত্মক এক ভুলে সমতায় ফেরে আর্সেনাল। এগিয়ে যাওয়ার আনন্দ ২ মিনিট স্থায়ী না হলেও ম্যাচে চাপ ধরে রাখল পেপ গার্দিওলার শীর্ষরা। শেষ পর্যন্ত গানারদের ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা জোরাল করল ম্যানচেস্টার সিটি। আর লিগে এ নিয়ে টানা দুই পরাজয়ে দুই দশকের বেশি সময়ে শিরোপা খরা কাটানোর আশায় বড় ধাক্কা খেল আর্সেনাল। লিগে ৩৩ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে যদিও এখন পর্যন্ত শীর্ষে রয়েছে মিকেল আর্তেতার দল। তবে এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে শিরোপা লড়াই জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে গত পরশু প্রিমিয়ার লিগে আক্রমণ ও বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ৫৯ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য নেয়া ১২ শটে পাঁচটি লক্ষ্যে রেখে দুইবার জালের দেখা পায় সিটিজেনরা। অপর দিকে ৪১ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য নেয়া ৮ শটের দু’টি লক্ষ্যে রেখে একটি গোল আদায় করে আর্সেনাল। ম্যাচে অবশ্য গোলের দেখা পেতে দেরি হয়নি স্বাগতিকদের। ১৬ মিনিটে ম্যাথিউস নুনেজের বুক দিয়ে বাড়ানো বল পেয়ে দারুণ নৈপুণ্যে সিটিকে এগিয়ে নেন রায়ান চেরকি। কিন্তু এগিয়ে যাওয়া ২ মিনিটও ধরে রাখতে পারেনি সিটি। গোলরক্ষকের দোন্নারুম্মার অমার্জনীয় ভুলে গোল হজম করে তারা। সতীর্থের ব্যাকপাস পেয়ে একটু বেশিই সময় নিয়ে নেন তিনি। দ্রুত ছুটে আসা কাই হাভার্টজকে দেখে শট নিলেও তার বাড়ানো পায়ে লেগে বল চলে যায় জালে। ৬৮ মিনিটে ডি-বক্সে বল পেয়ে গাব্রিয়েলের বাধা সামলে বাঁ পায়ের শটে সিটিকে আবার এগিয়ে নেন আর্লিং হলান্ড। আসরে চার ম্যাচ পর জালের দেখা পেলেন হলান্ড। এবারের লিগে নরওয়ে তারকার গোল হলো ২৩টি, মৌসুমে সব মিলিয়ে হলো ৩৪টি।

প্রথম গোলের মতো এবার এগিয়ে যাওয়ার আনন্দ শেষ হতে বসেছিল স্বাগতিকদের। গাব্রিয়েলের হেড নিকো ও’রাইলির শরীরের লেগে পোস্টে বাধা পেলে এবার আর অঘটন ঘটেনি সিটির। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ৫ম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল আর্সেনাল। কিন্তু হাভার্টজের হেড ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় এমিরেটসের দলটিকে। গত তিন মৌসুমেও শুরুর দিকে শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়ে রেখে শেষ দিকে পথ হারিয়ে রানার্সআপ হয় আর্সেনাল। এবারো শেষ সময়ে যেন সাফল্যের চেনা পথটা হারাতে বসেছে দলটি।