সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

ম্যারাথনে দৌড়ানোর সময় মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে টিপু সুলতান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল শুক্রবার সকালে পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় দৌড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। ‘সোনারগাঁও রানার্স’ আয়োজিত সাড়ে সাত কিলোমিটারের এ প্রতিযোগিতায় দেশজুড়ে প্রায় ৬০০ দৌড়বিদ অংশ নেন। নিহত টিপু কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী হাজী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী ছিলেন। আশরাফ উদ্দিনের পরিবারের সদস্যদের সাথে তিনি হেঁটে রওনা হন। টিপু হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। আয়োজকদের মেডিক্যাল টিম তাকে দ্রুত সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে মদনপুর আল বারাকা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও আয়োজক কমিটি গভীর শোক প্রকাশ করেছেন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

প্রবাসীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১

পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের গুলিতে প্রবাসীর ছেলে গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া প্রবাসীর স্ত্রী ও পুত্রবধূকে হাত-পা বেঁধে মারধর এবং শিশুসন্তানের মাথায় পিস্তল ঠেকিয়ে ১০ ভরি স্বর্ণ, দুই লাখ টাকা ও একটি আইফোন লুট করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে প্রবাসী মাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে। বাধা দেয়ায় ছেলে নাইমকে (২২) হাঁটুতে গুলি করা হয়। আহত স্ত্রী রুমা বেগম ও পুত্রবধূ রেজবিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কলাপাড়া থানার ওসি জসিম উদ্দিন জানান, জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে। কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা।

হিসাবরক্ষকের বদলি আদেশ বাতিল

পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিতর্কিত হিসাবরক্ষক হাসানুজ্জামানকে বদলির আদেশের এক দিনের মাথায় তা বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। দু’টি আদেশের কোনোটিতেই স্পষ্ট কারণ উল্লেখ না থাকায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গত ১১ আগস্ট ডিজিএইচএস থেকে তাকে বরগুনায় বদলি করা হলেও পরদিনই রহস্যজনকভাবে তা বাতিল করা হয়। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রয়েছে। বদলির খবরে হাসপাতালের সাবেক কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা সড়কে মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে বদলি বাতিলের খবরে এলাকায় চরম ধোঁয়াশা সৃষ্টি হয়। এ বিষয়ে হিসাবরক্ষক হাসানুজ্জামানকে প্রশ্ন করা হলে অসুস্থতার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন। স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। পটুয়াখালী প্রতিনিধি।

ট্রেনের ২ বগির মধ্যে পড়ে মৃত্যু

নরসিংদী রেলস্টেশনে চলমান তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুই বগির মাঝখানে পড়ে আমীর হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আমীর নরসিংদী সদর উপজেলার নগর বানিয়াদী গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার সকালে ট্রেনটি স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধুর সঙ্গে আখাউড়া মাজার থেকে ট্রেনের ছাদে চেপে নরসিংদী ফিরছিলেন আমীর। ট্রেনটি নরসিংদী স্টেশনে পৌঁছে আবার চলতে শুরু করলে তাড়াহুড়ো করে নামার চেষ্টা করেন তিনি। এ সময় অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে দুই বগির মাঝখানে পড়ে যান এবং ট্রেন তাকে প্রায় ৩০ গজ দূরে টেনে নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদী প্রতিনিধি।

সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৮

বরিশাল নগরীর অপরাধপ্রবণ এলাকা কেডিসি বস্তি ও স্টেডিয়াম কলোনিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকারের নেতৃত্বে ডিবি ও গোয়েন্দা বিভাগের যৌথ দল এ তল্লাশি চালায়। অভিযানে স্থানীয় সাধারণ মানুষও পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করেন। জানা যায়, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক কারবারিদের দমনে এ ঝটিকা অভিযান চালানো হয়। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভুক্ত সাতজন, নিয়মিত মামলার পাঁচজন এবং মহানগর অধ্যাদেশে ছয়জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান জানান, চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে নগরজুড়ে পুলিশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বরিশাল ব্যুরো।

কোটি টাকার মাদক জব্দ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ প্রায় কোটি টাকা মূল্যের বিপুল মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার সেন্দি অংশে চেকপোস্ট চলাকালে একটি সন্দেহভাজন টয়োটা হাইস গাড়ি তল্লাশির জন্য থামার সঙ্কেত দিলে চালক না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের গাড়ি পিছু ধাওয়া করলে চালক স্বল্প পেন্নাই এলাকার এক সিএনজি পাম্পের সামনে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত গাড়ি তল্লাশি করে ভেতরে লুকানো ৬৩টি প্যাকেটে রাখা ২৫১ কেজি গাঁজা, এক হাজার ৫৭৫ বোতল ফেনসিডিল ও এক হাজার ২০০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা।

ইয়াবাসহ আটক ১, আসামি ১৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভাধীন রাধিকাগঞ্জ গরুর হাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ সোহেল রানা (৪১) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক সোহেল রানা স্থানীয় বারেক আলীর ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬০০ টাকা জব্দ করা হয়। আলমডাঙ্গা থানার ওসি বাণী ইসরাঈল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ মাদক চক্রটির সাথে জড়িত আরো আটজন এজাহারনামীয় এবং ১০ থেকে ১২ জন অজ্ঞাত আসামির নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাঘটিয়া এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ সমাবেশে মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’ স্লোগানে সমাবেশ থেকে মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে এবং স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক ইব্রাহীম আলী রিজনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য। সমাবেশে বক্তারা, মাদক কারবারিরা ব্যবসা না ছাড়লে এলাকা ছাড়া করার ঘোষণা দেন। কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা।