ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস, হল দখল ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘ঋৎড়স জবংরংঃধহপব ঃড় ঠরপঃড়ৎু : খবমধপু ড়ভ ঔঁষু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। আবারো হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। হবিগঞ্জে আমাদের ভাই আলিফের চোখ উপড়ে ফেলা হয়েছে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের সঙ্ঘাতে জড়াবেন না। তাদের নির্বিঘেœ পড়াশোনা করতে দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখুন। কর্মসংস্থানের ব্যবস্থা করুন। ক্ষমতায় আছেন বলে সবকিছু দখল করার মানসিকতা পরিহার করতে হবে। শেখ হাসিনাও এমনটি ভেবেছিলেন, কিন্তু তার পরিণতি সবাই দেখেছে।’
জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। তারা গণ-অভ্যুত্থানের ট্রাম্প কার্ডের মতো ছিল। ১৭ জুলাইয়ের দমন-পীড়নের পর অনেকেই ভেবেছিলেন আন্দোলন আর এগোবে না। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নতুন গতি এনে দেন। তাদের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই অবদানের যথাযথ স্বীকৃতি ও ডকুমেন্টেশন প্রয়োজন। দুঃখজনকভাবে এ বিষয়ে সরকার এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এ ছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারাও আলোচনা সভায় বক্তব্য দেন।



