জুলাইযোদ্ধা সুরভীর সাথে ন্যায়বিচার করা হয়নি : নাহিদ ইসলাম

Printed Edition
জুলাইযোদ্ধা সুরভীর  সাথে ন্যায়বিচার করা  হয়নি : নাহিদ ইসলাম
জুলাইযোদ্ধা সুরভীর সাথে ন্যায়বিচার করা হয়নি : নাহিদ ইসলাম

বাসস

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী জামিনে মুক্তি পাওয়ার পর গত সোমবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় তার বাসায় গিয়ে খোঁজখবর নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সক্রিয় কর্মী সুরভীর সাথে ন্যায়বিচার করা হয়নি এবং তাকে জড়িয়ে দায়ের করা মামলা ছিল পরিকল্পিত ও বানোয়াট।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির নেতাকর্মীদের বিরুদ্ধে চরিত্র হননের অপচেষ্টা চলছে। সুরভীর ঘটনাটিও সেই ধারাবাহিকতার অংশ। তিনি বলেন, কিছু গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, যার মাধ্যমে জুলাই আন্দোলনের কর্মীদের চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে বলেন, দলের ভেতরে ও বাইরে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। এ সময় তার সাথে ছিলেন গাজীপুর-২ আসনে এনসিপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খানসহ দলের অন্য নেতারা।

উল্লেখ্য, সোমবার সকালে এক সাংবাদিকের দায়ের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভীকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দেয়।

পরবর্তীতে সুরভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হলে, গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। নারী, পরীক্ষার্থী ও মানবিক দিক বিবেচনায় নিয়েই এ আদেশ দেয়া হয় বলে আইনজীবীরা জানান। আদালতের আদেশ অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তাহরিমা জান্নাত সুরভী গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। তার মুক্তির খবরে সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।