ক্রীড়া ডেস্ক
দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টেস্টে ৯০ রানে হেরেছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয়ের খুব কাছাকাছি সফরকারীরা। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৪৪ রানে থেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে প্রথম ইনিংসে আবদুল্লাহ শফিকের অপরাজিত ১৬০ রানে ভর করে ৩৮৭ রান করে পাকিস্তান। ৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই স্পিনারের তোপে পড়ে ১১৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও আলী উসমান নেন চারটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শুরুটা ভালো করলেও ত্যাগিনারায়ণ চন্দরপলের বিদায়ের পর ধস নামে উইন্ডিজ ব্যাটিংলাইনে। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান আসে কাভিন হজের ব্যাটে। এতে ৪৬.১ ওভারেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে দুই টেস্ট সিরিজের শেষটি জিতে সমতায় শেষ করতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৫ রানের। এ রিপোর্ট লেখা পর্যন্ত এক উইকেটে ২২ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ম্যাচ জিততে এখনো ৫৩ রান প্রয়োজন পাকিস্তানের।



