অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আজ আপিলের আদেশ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার এ নিয়ে আদেশ দেবেন আপিল বিভাগ। গতকাল বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে আইনজীবী ড. শরিফ ভূঁইয়া, শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনজন আইনজীবীই অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনটি খারিজের পক্ষে মতামত দেন। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।

পরে রিটটি খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায়, অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস। এর আগে, গত ১২ নভেম্বর শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অ্যাটর্নি জেনারেল। পরে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের কাছে ব্যাখ্যা চান আপিল বিভাগ।

গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন।