নীবরেই রেকর্ড গড়লেন দেশম

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক, কানাডা থেকে

চলমান বিশ্বকাপে নানা ধরনের রেকর্ড হচ্ছে। তবে সবাই ব্যস্ত লিওনেল মেসির রেকর্ড নিয়ে। আর্জেন্টাইন অধিনায়ক এবার একেকটি ম্যাচ খেলছেন আর নতুন নতুন রেকর্ডের মালিক হচ্ছেন। এদিকে নীরবেই একটি রেকর্ড গড়ে ফেলেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ ও অধিনায়ক দিদিয়ের দেশম। গত পরশু তার দল ফ্রান্স ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। সেরা ১৬-এর এই ম্যাচ জয়ের ফলে কোচ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বের ১০ ম্যাচ জিতলেন তিনি। যা অন্য কোনো কোচের পক্ষে করা সম্ভব হয়নি।

তার শুরুটা সেই ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ থেকে। সেবার দ্বিতীয় রাউন্ডের তার কোচিংয়ে গড়া ফ্রান্স হারিয়েছিল নাইজেরিয়াকে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আর্জেন্টিনাকে হারিয়ে শুরু। এরপর কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে, সেমিতে বেলজিয়ামকে এবং ফাইনালে ক্রোয়েশিয়াকে হারায়। কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডকে, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে এবং সেমিতে মরক্কোকে পরাজিত করে। এবার তাদের জয় সেরা ৩২-এ সুইডেনকে এবং সেরা ১৬-এর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে।

টানা চারটি বিশ্বকাপে ফরাসি দলের কোচ তিনি। দেশমই হলেন তৃতীয় ফুটবল ব্যক্তিত্ব, যিনি খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। অপর দু’জন হলেন ব্রাজিলের মারিও জাগালো এবং জার্মানির ফ্রেঞ্জ বেকেনবাওয়ার। আর কোচ ও অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা দ্বিতীয় ব্যক্তি তিনি। প্রথমজন হলেন বেকেনবাওয়ার। তিনি ১৯৭৪ সালে অধিনায়ক হিসেবে এবং ১৯৯০ সালে কোচ হিসেবে জার্মানিকে বিশ্বকাপ এনে দেন। দেশম ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অধিনায়ক ছিলেন। এরপর কোচ হিসেবে এই ট্রফিতে হাত ছোঁয়ান ২০১৮ সালে।

জাগালো ও বেকেনবাওয়ার ২০২৪ সালে দুনিয়া ছেড়ে চলে গেছেন। মারিও জাগালো ১৯৫৮ ও ১৯৬২ সালে খেলোয়াড় হিসেবে এবং ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন। এ ছাড়া ১৯৯৪ সালে চ্যাম্পিয়ন ব্রাজিল দলের সহকারী কোচ ছিলেন। ১৯৭৪ সালের বিশ্বকাপে ব্রাজিল চতুর্থ হয়েছিল তার কোচিংয়ে। এ ছাড়া ২০০২ সালের চ্যাম্পিয়ন ব্রাজিল দলের টেকনিক্যাল অ্যাডভাইজার ছিলেন তিনি।