শাবিপ্রবির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

Printed Edition
শাবিপ্রবির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম :  নয়া দিগন্ত
শাবিপ্রবির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম : নয়া দিগন্ত

শাবিপ্রবি প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: সাজেদুল করিম এবং উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: মাহবুবুর রশিদ।

পরে বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবন-১-এর সামনে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এর আগে ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: সাজেদুল করিম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আজ সত্যিই আমাদের জন্য আনন্দের দিন। আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ৩৬ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যাদের অক্লান্ত প্রচেষ্টা ও আত্মত্যাগের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, আমি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

সমাবেশে আরো বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিন এবং মেডিক্যাল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আহমদ কবীর।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।