দেড় কোটি শিক্ষার্থী থেকে খেলোয়াড় বাছাই

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আগামী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে চট্টগ্রাম হতে শুরু হবে। দেশের ইতিহাসে সর্ববৃহৎ এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ৯ আগস্ট হওয়ার কথা থাকলেও চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা, ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রভৃতি সার্বিক দিক বিবেচনায় এ প্রতিযোগিতার উদ্বোধন এক মাস পিছিয়ে সেপ্টেম্বর মাসে নির্ধারণ করা হয়েছে। ঐদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। এ প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে ৪০ হাজার ২৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক কোটি ৬০ লাখেরও বেশি শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে দল গঠন করা হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস কাবে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব তথ্য তুলে ধরেন। শিক্ষা মন্ত্রণালয় এ টুর্নামেন্টের আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন, মোহাম্মদ এরশাদ উল্লাহ এমপি, আবু সুফিয়ান এমপি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বক্তৃতা করেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ঢাকা ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরের ঊর্র্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, প্রেস কাব নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় এ প্রতিযোগিতায় দেশের ১৯ হাজার ২১১ মাধ্যমিক বিদ্যালয়, এক হাজার ৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, তিন হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদরাসা, ছয় হাজার ৭৮৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে।

প্রতিযোগিতা মাধ্যমিক পর্যায়ে বালক ও বালিকা দল এবং উচ্চ মাধ্যমিক-সমমান পর্যায়ে বালক ও বালিকা দল গঠনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক পর্যায়ের খেলা প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা পর্যায়ে সম্পন্ন হবে এবং শেষ হওয়ার পর জেলা, শিক্ষা অঞ্চল (বিভাগ) এবং জাতীয় পর্যায়ে সম্পন্ন হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের খেলা ৬ অক্টোবর শুরু হয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে জাতীয় পর্যায়ে গিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাধ্যমিক পর্যায়ে বালক ও বালিকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বালক ও বালিকা দল এ চার ক্যাটাগরিতে আট অঞ্চলের ৩২টি দল নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। মোট চারটি দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। এ ছাড়া সেরা থিম সং, রিল মাস্কাট তৈরিকৃত ব্যক্তি-প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এ প্রতিযোগিতা শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশের শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি বৃহৎ ক্রীড়া উদ্যোগ। মেধাবী ফুটবলার নির্বাচন করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি, স্কুল-কলেজ পর্যায়ে নিয়মিত ফুটবল চর্চার পরিবেশ সৃষ্টি এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা।