গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ১৮১ কোটি টাকার বাজেট পাস হয়েছে। বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ১১৩তম বিশেষ সভায় এই বাজেট অনুমোদন হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের এই সভায় সভাপতিত্ব করেন বিওটির চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বিওটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ট্রাস্টি বোর্ডের সদস্যগণ। উল্লেখ্য, এবারের অনুমোদিত বাজেটে গবেষণাকে অগ্রাধিকার দিয়ে এই খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে এবং বাজেটকে শিক্ষা ও উন্নয়নবান্ধব করা হয়েছে। গবেষণার কাজকে আরো উৎসাহিত করার লক্ষ্যে গবেষণা খাতে প্রায় পাঁচ কোটি ২৫ লাখ টাকার বাজেট রাখা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাসংশ্লিষ্ট নানা সুযোগ-সুবিধা বৃদ্ধিকে বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বৃত্তি, স্টাইপেন্ড ইত্যাদি খাতে প্রায় সাড়ে ছয় কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। ছাত্রছাত্রীদের আবাসিক সুবিধা প্রদানে বাজেটে ভর্তুকি রাখা হয়েছে। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্যগণের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ, প্রিন্সিপাল মুহাম্মদ তাহের, অ্যাডভোকেট শামছুদ্দীন আহমদ মির্জা, প্রিন্সিপাল মুহাম্মদ আমিরুজ্জামান, মুহাম্মদ জাফর সাদেক, ড. মো: আব্দুল করিম, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রফেসর ড. এম শামছু উদ্দিন আহমেদ এবং প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম। বিজ্ঞপ্তি।



