রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি চালকল দেখিয়ে একাধিক লাইসেন্স নেয়া এবং দীর্ঘদিন বন্ধ ও পরিত্যক্ত মিলের নামে সরকারি চালের বরাদ্দ নেয়ার অভিযোগ উঠেছে। এসব অনিয়মের বিষয়ে অভিযোগ করায় ব্যবসায়ী এস এম সোহাগ সরকারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়ার পাশাপাশি তার হোটেল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ারও অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলায় নিবন্ধিত চালকল রয়েছে ১৩৭টি। এর মধ্যে বেশ কিছু মিল দীর্ঘদিন ধরে বন্ধ ও পরিত্যক্ত। অভিযোগ রয়েছে, এসব মিলের মালিক একই মিল বা চাতাল দেখিয়ে একাধিক লাইসেন্সের মাধ্যমে সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচিতে চাল সরবরাহের বরাদ্দ নিচ্ছেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও চালকল মালিকের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন সোহাগ সরকার। চালকলের লাইসেন্স ও সরকারি বরাদ্দের অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মিল মালিকপক্ষ তার ওপর ক্ষুব্ধ হয়। তাকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশ ও চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকিও দেয়া হলে তিনি নিরাপত্তার জন্য রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান সোহাগ সরকার। তিনি বলেন, জিডি করার পর ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে চালকল মালিকের ৩০ থেকে ৪০ জন লোক তার ব্যবসাপ্রতিষ্ঠানে আসে এবং তাকে হুমকি-ধমকি দিয়ে তার হোটেল ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ দিকে অভিযোগের পর উপজেলা প্রশাসন এ বিষয়ে একটি তদন্ত কমিটি করেছে। ১৩৭টি চালকলের লাইসেন্স, মিলের অস্তিত্ব, কার্যক্রম ও সরকারি বরাদ্দের বিষয় যাচাই-বাছাই ও তদন্ত চলছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম।


