নিজস্ব প্রতিবেদক
জনগণের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ- উভয় স্থানেই জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল হিসেবে দেশ ও জাতির স্বার্থবিরোধী কোনো পদক্ষেপে জামায়াত আপস করবে না।
বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হামিদুর রহমান আযাদ বলেন, সংসদের বিরোধী দল হিসেবে জনগণের দাবি পূরণে প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে সরকার দাবি উপেক্ষা করলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রাজপথেই তা আদায় করা হবে। ষড়যন্ত্র করে দলটির অগ্রযাত্রা থামানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী তৃণমূল পর্যায়ে ভিত্তি মজবুত করে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠছে। বক্তব্যে আগামী ৫ সেপ্টেম্বর ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে দেশবাসীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
শিক্ষাশিবিরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, দলের নেতাকর্মীদের অস্ত্রের নয়; বরং জ্ঞানের লড়াই চালিয়ে যেতে হবে। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে গঠন করতে তৃণমূল থেকে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জোর তাগিদ দেন তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান ও অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।



