ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার মাটিতে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের দাপট। মূল জাতীয় দল ডারউইনে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছে। এরপর ম্যাকায়ইতে দ্বিতীয় টেস্টে অবশ্য বাজেভাবেই হারে। নাজমুল হোসেন শান্তদের সফরের সময় থেকেই অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। একের পর এক ম্যাচ জিতে যাচ্ছে তারা। গতকাল ডারউইনে অনুষ্ঠিত ষষ্ঠ ম্যাচে এইচপি দল ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিকে। আর এই জয় এসেছে স্পিনার মোহাম্মদ রুবেলের কল্যাণে। অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ সময় পার করা এই বোলার প্রথম ৫ ম্যাচে নিয়েছিলেন ১৫ উইকেট। কাল এই সংখ্যাকে উন্নীত করলেন ২০ এ। কাল তার ফাইফারে হাইপারফরম্যান্স দলের এই জয়।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে নর্দার্ন। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৯তম ওভারে জয় পায় বাংলাদেশ। বিপক্ষ ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেয়া রহস্য স্পিনার রুবেল ৪ ওভারে ২১ রানের বিনিময়ে নেন পাঁচ উইকেট। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইরফান শুক্কুরের দল। দুই পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে ভিক্টোরিয়া সিএ।
তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা এইচপি ওপেনিংয়ে পরিবর্তন আনে। হাবিবুর রহমান সোহানের সাথে ওপেনিংয়ে নামেন আরিফুল ইসলাম। ১০ রান করেন আরিফুল। সোহানের ব্যাট থেকে আসে ১৮ বলে ২২ রান। ৪১ রানে দুই উইকেট হারানোর পর হাল ধরেন আগের দুই ম্যাচে ফিফটি করা সাব্বির রহমান। শামীম হোসেনকে সাথে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ৩৪ রান। শামীম ১১ বলে ১১ রান করেন। তার বিদায়ের পর শুক্কুরকে নিয়ে আরো ৩৫ রানের জুটি গড়েন সাব্বির।
দলীয় ১১০ রানে বিদায় নেন সাব্বির। ততক্ষণে তার ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪২ রান। এতে ছিল ২ চার ও ১ ছক্কা। তবে সাব্বিরের বিদায়ের পর ব্যাটিং লাইনে ধস। ৩০ রানের মধ্যে আরো ৩ উইকেট হারায় হাইপারফরম্যান্স দল। অবশ্য ১৮তম ওভারে এক চার ও ছক্কায় কোনো নাটকীয়তা হতে দেননি সামিউর বাশার রাতুল। ১৯তম ওভারের দ্বিতীয় বলেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
এর আগে টস হেরে বোলিং করতে নেমে প্রথম ওভারেই ১৩ রান খরচ করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৩৫ রানেই ৪ উইকেট হারায় নর্দার্ন। থিতু হতে পারেনি এরপরও।



