রংপুর ব্যুরো
রংপুরের রাজনৈতিক সিদ্ধান্ত, ভোটাধিকার ও উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে অগণতান্ত্রিক, আপত্তিকর ও বৈষম্যমূলক দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রংপুর অঞ্চলের জামায়াতের সংসদ সদস্যরা। মঙ্গলবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, কোনো অঞ্চলের মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, তা তাদের সাংবিধানিক অধিকার। ভোটের সাথে উন্নয়নকে শর্তযুক্ত করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
মির্জা ফখরুলের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বেলাল বলেন, বিএনপি ক্ষমতায় এলে রংপুরবাসী কখনো জাতীয় পার্টি, আবার কখনো জামায়াতকে ভোট দিলে তারা কাক্সিক্ষত উন্নয়ন কিভাবে পাবেন- মন্ত্রী এমন মন্তব্য করেছেন। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বেলাল বলেন, রাজনৈতিক পছন্দের কারণে কোনো অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হতে পারে না। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব দেশের সব অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা। রংপুরের মানুষের দাবি কর্মসংস্থান, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং তিস্তা মহাপরিকল্পনাসহ দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।
বেলাল আরো বলেন, রংপুরের মানুষ রাজনৈতিকভাবে সচেতন এবং অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তাদের রাজনৈতিক সিদ্ধান্তকে সম্মান করা প্রয়োজন। তিনি মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমীন, মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, জেলা সেক্রেটারি এনামুল ইসলামসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


