আলজাজিরা
আন্তর্জাতিক অঙ্গনে গ্রেফতারের দাবি এবং তীব্র প্রতিবাদের মুখে জাতিসঙ্ঘের পুলিশিং সম্মেলনে অংশ নিতে নির্ধারিত নিউ ইয়র্ক সফর বাতিল করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। কট্টর ডানপন্থী এই মন্ত্রীর সফর বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিন্দ রাজাব ফাউন্ডেশন’। গত শুক্রবার ইসরাইলি গণমাধ্যম এই সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, বেন-গভিরের এই সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন ফিলিস্তিনপন্থী অধিকারকর্মীরা। একইসাথে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের দাবি তোলে। এমন প্রতিকূল পরিস্থিতির মুখে শেষ মুহূর্তে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এই ঘটনায় এক বিবৃতিতে হিন্দ রাজাব ফাউন্ডেশন জানিয়েছে, এতদিন ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও পার পেয়ে যাওয়ার বিশ্বাসে বিশ্বজুড়ে অবাধে ভ্রমণ করেছেন; তবে সেই দায়মুক্তির সময় এখন শেষ হতে শুরু করেছে। সামরিক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতিসঙ্ঘের গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিতে না পারা এবং আন্তর্জাতিক মহলে গ্রেফতারের দাবির মুখে পিছুহটা বেন-গভিরের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক অস্বস্তি ও ধাক্কা।



