সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

বিরিয়ানি খেয়ে ২৬ জন হাসপাতালে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএসটিআই অনুমোদনহীন এক রেস্তোরাঁর বিরিয়ানি খেয়ে শিশুসহ অন্তত ২৬ জন মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে স্থানীয় ‘হাজী বিরিয়ানি হাউজ’ থেকে খাবার খাওয়ার পর তারা বমি, ডায়রিয়া ও তীব্র পেটের ব্যথায় আক্রান্ত হন। অসুস্থদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগীদের মধ্যে একাধিক পরিবারের সদস্য ও শিশু রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ফারহানা ওয়াহিদ তানি জানান, ফুড পয়জনিংয়ের উপসর্গ নিয়ে অনেক রোগী ভর্তি হয়েছেন। জানা যায়, বিক্রয়কেন্দ্র থেকে দূরে রহস্যজনক পরিবেশে বিরিয়ানি রান্না করা হতো। দীর্ঘ তিন বছর ধরে বিএসটিআই ও খাদ্য নিরাপত্তার অনুমোদন ছাড়াই ব্যবসাটি চলছে। গত মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার এ এস এম শাহনেওয়াজ মেহেদী রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে সতর্ক করেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

মালিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ

বাস মালিক ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে নাটোর-রাজশাহী রুটে নাটোর ও রাজশাহীর মালিকানাধীন সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অচলাবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে দূরপাল্লার অন্যান্য জেলার বাস স্বাভাবিক রয়েছে। পরিবহন শ্রমিকদের ভাষ্য মতে, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাসের চলাচলকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রাজশাহী বাসস্ট্যান্ড এলাকায় উভয় জেলার শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জেরে রাজশাহীতে নাটোরের বাস আটকে রাখা হয় এবং পাল্টা জবাবে নাটোরেও রাজশাহীর বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। নাটোর বাস মালিক সমিতির সভাপতি জানান, নিয়ম অমান্য করে বাস চালানো এবং তাদের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত। রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হামলার বিষয় অস্বীকার করে আলোচনার দাবি জানান। নাটোর প্রতিনিধি।

পরিত্যক্ত ঘরে বোমা বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামে এক বসতবাড়ির পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে সংঘটিত এই আকস্মিক বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা রাজ্জাক হাওলাদারের একটি ফাঁকা ঘরে এই বিস্ফোরণ ঘটে। জমিজমা নিয়ে রাজ্জাক হাওলাদারের সাথে তার চাচাতো ভাই জাকির মোল্লার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর আগেও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল। রাজ্জাক মোল্লার দাবি, তাকে আইনি ঝামেলায় ফাঁসাতেই জাকির মোল্লার লোকজন তার পরিত্যক্ত ঘরের সামনে বোমা ফুটিয়েছে। অভিযোগ অস্বীকার করে জাকির মোল্লা বলেন, তাদেরকে মিথ্যা মামলায় জড়ানোর চক্রান্ত হতে পারে। মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। মাদারীপুর প্রতিনিধি।

শিশু বলাৎকার ও ধর্ষণের প্রতিবাদ

সারা দেশে ধারাবাহিক নারী নির্যাতন, ধর্ষণ এবং সাভারে সাত বছরের এক শিশু বলাৎকারের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে সাভার মডেল মসজিদের সামনে ‘অদম্য ২৪’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সাভারের পূর্ব শাহীবাগ কাশেমীনগর এলাকার একটি মাদরাসায় শিশু বলাৎকারের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সব ধর্ষক ও অপরাধীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিশুদের সার্বিক সুরক্ষায় অভিভাবকদের আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে অদম্য ২৪ সাভার উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ তামিম ও সদস্যসচিব মোহাম্মদ সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাভার (ঢাকা) সংবাদদাতা।

বিদ্যুৎসঙ্কটে স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র বিদ্যুৎসঙ্কটে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। তেলের সরকারি বরাদ্দ না থাকায় বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালু করা যাচ্ছে না। ফলে হাসপাতালে ভর্তি থাকা প্রায় ৮০ জন রোগীকে প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৫০ শয্যার এই হাসপাতালে ২৮ জন চিকিৎসকের পদে আছেন মাত্র ১৫ জন। ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে হওয়ায় এখানে প্রতিদিন শত শত রোগী সেবা নিতে আসেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় কম্পিউটারে টিকিট দেয়া, আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে সেবা বন্ধ হয়ে পড়েছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ না থাকায় রোগীদের বাধ্য হয়ে বাইরে থেকে সব কিনতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিধান কুমার ফৌজদার বলেন, বিদ্যুৎসঙ্কটের কারণে ভেন্টিলেশন ও সিজারিয়ান অপারেশনের মতো জরুরি কাজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। জেনারেটর চালানোর তেল না পাওয়ায় সেবা স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা।

হঠাৎ নদীতে ভেসে উঠছে মাছ

নাটোরের নলডাঙ্গা থেকে বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদীতে হঠাৎ বিপুল পরিমাণ মাছ ভেসে উঠেছে। গতকাল শুক্রবার ভোর থেকে পুঁটি ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজনের মধে ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, নদীতে কেউ বিষ প্রয়োগ করেছে। আবার অনেকে মনে করছেন, প্রাকৃতিকভাবে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হওয়ায় মাছ ভেসে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা নদীর পানির নমুনা দ্রুত পরীক্ষা করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, মাছ ভেসে ওঠার কারণ সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।

হারপিক পানে মা-মেয়ের মৃত্যু

নরসিংদীর মাধবদীতে স্বামী জুতা দিয়ে পেটানোর পর অভিমান করে দুই সন্তানকে হারপিক পান করিয়ে নিজেও পান করেছেন এক গৃহবধূ। এতে মা ও তার পাঁচ বছরের মেয়ের মৃত্যু হয়েছে। আড়াই বছর বয়সী অপর শিশুপুত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায়। নিহত ব্যক্তিরা হলেন- আনন্দী এলাকার ভাড়াটিয়া গাড়িচালক মিলনের স্ত্রী উর্মি (২২) ও মেয়ে মিম (৫)। পুলিশ সূত্র জানায়, গত বুধবার স্বামী মিলনের সাথে ঝগড়ার একপর্যায়ে মারধরের শিকার হয়ে উর্মি সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে এ কাণ্ড ঘটান। অসুস্থ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা উর্মি ও মিমকে মৃত ঘোষণা করেন। মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, উর্মির মা বাদি হয়ে মামলা করেছেন। মাধবদী (নরসিংদী) সংবাদদাতা।

আগুনে পুড়ল মনোহারি দোকান

কিশোরগঞ্জের হোসেনপুরে আগুনে পুড়ে একটি মনোহারি দোকান ভস্মীভূত হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মালামাল ও টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের হেলিপ্যাড সংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ইমরান মিয়া তিন মাস আগে প্রবাস থেকে ফিরে দু’টি কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। রাতে দোকান তালাবদ্ধ করে বাড়ি যাওয়ার পর গভীর রাতে আগুন লাগার খবর পান তিনি। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক জানান, প্রাথমিক অনুসন্ধানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সহায়তার আকুতি জানিয়েছেন ভুক্তভোগী। হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।