প্রেস ক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদ
বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলামকে মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেস ক্লাব, গৌরনদী মফস্বল সাংবাদিক ফোরাম ও গৌরনদী সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক নেতারা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেস ক্লাবের সহ-সভাপতি এম আলম। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়াসহ একাধিক সাংবাদিক নেতা। এ ঘটনায় বুধবার গৌরনদী মডেল থানায় একটি জিডি করা হয়েছে। গৌরনদী (বরিশাল) সংবাদদাতা।
দাবি না মানায় বাস চলাচল বন্ধ
দাবি পূরণ না হওয়ায় কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। গতকাল শুক্রবার ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বেশি ভোগান্তিতে পড়েছে কর্মজীবীরা। বিকল্প হিসেবে কেউ ট্রেনে চলাচল করছেন। তবে ঢাকার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-ফরিদপুর-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির সব বাস বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন। কুষ্টিয়া প্রতিনিধি।
চুনারুঘাটে কয়লাভর্তি পিকআপ জব্দ
হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগের অভিযানে কয়লাভর্তি একটি পিকআপ জব্দ করা হয়েছে। জব্দ কয়লার পরিমাণ ২৬ মণ ১৫ কেজি। গত বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার গাতাবলা এলাকায় বন বিভাগের কালেঙ্গা বিটের কর্মকর্তা আল-আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ কয়লা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের সহকারী বন কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, কালেঙ্গা বিটের টহলদল পিকআপটি জব্দ করেছে। এ বিষয়ে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা।
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
নওগাঁর রাণীনগরে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শ্রীদাম কুমার মণ্ডল (৪২) নামে কৃষি শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষক নওগাঁ জেলার আত্রাই উপজেলার তিলাবুদুরী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাত্রছাত্রীর অভিভাবক ও স্থানীয় জনতা গত বৃহস্পতিবারে বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। তবে অভিযুক্ত ওই শিক্ষক পরিস্থিতি বেগতিক দেখে প্রভাবশালীর ছত্রছায়ায় পালিয়ে যায়। খবর পেয়ে সহকারী কমশিনার ও থানা পুলিশ ন্যায়বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা শান্ত হলে শিক্ষকদের মুক্ত করা হয়। রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা।
কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ ২০ হাজার পিস অবৈধ বাগদা চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব রেণুর আনুমানিক বাজারমূল্য ছয় কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল শুক্রবার সকালে কোস্ট গার্ড সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড জানায়, টেকনাফ হতে খুলনাগামী সন্দেহজনক দু’টি ট্রাক তল্লাশি করে ৭০টি ড্রাম পাওয়া যায়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে উদ্ধারকৃত বাগদা চিংড়ি রেণুু কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা।
মহেশপুর সীমান্তে ৩ দিনে ২ লাশ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে তিন দিনের ব্যবধানে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি নদীর কচুরিপানার নিচে পচে ফুলে ওঠার পর ও অফারটি নদীর পাড়ে পড়ে থাকায় বিষয়টি জানাজানি হয়। গত সোমবার ও বৃহস্পতিবার একই জায়গা থেকে অজ্ঞাত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও তোলপাড় শুরু হয়েছে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তার পকেটে থাকা পাসপোর্টে রাতিকান্ত জয়ধর (৪৬), পিতা দেবেন্দ্র নাথ জয়ধর, গ্রাম পোলাটানা, ভাংগারহাট, কোটালিপাড়া গোপালগঞ্জ ঠিকানা আছে। ঝিনাইদহ প্রতিনিধি।
তেল দিতে দেরি হওয়ায় পেট্রল পাম্প ভাঙচুর
নাটোরের বড়াইগ্রামে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার আহমেদপুর এলাকায় কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফিলিং স্টেশনটির ক্যাশিয়ার ফজর আলী জানান, সন্ধ্যায় প্রায় ৯ হাজার লিটার ডিজেল পাওয়ার পর তা ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। রাত দেড়টার দিকে কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাকচালক আব্দুল ওয়াহাব তাৎক্ষণিকভাবে তেল দেয়ার দাবি করেন। কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশ কাউন্টারের সামনের কাঁচের দেয়াল, ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা।
নতুন উপজেলা হচ্ছে মোকামতলা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এতে করে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে মোকামতলা বগুড়া জেলার ১৩তম উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করবে। গত ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-নিকারের সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। একই সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের বিষয়টিও অনুমোদন পায়। প্রাক-নিকারের অনুমোদনের পর এখন গেজেট প্রকাশ, সীমানা নির্ধারণ এবং প্রশাসনিক কাঠামো গঠনের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। এসব প্রক্রিয়া শেষ হলে মোকামতলা আনুষ্ঠানিকভাবে উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করবে। শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।
জুয়ার আসরে প্রশাসনের অভিযান
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজানের পঞ্চাশী বটতলা বাজারে বৈশাখী মেলার নামে চলা অবৈধ জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত বুধবার রাতে ধনবাড়ী উপজেলা ও থানা প্রশাসন এ যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী বটতলা বাজারে প্রশাসনের অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাব খাটিয়ে বৈশাখী মেলার আয়োজন করে স্থানীয় বিএনপি নেতার। এর মধ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন, বিএনপি নেতা সোহেল রানা, ইউপি সদস্য আব্দুর রহিম ও সাবেক সদস্য সাইফুল ইসলাম দুলাল প্রামাণিকসহ একটি সিন্ডিকেট। মেলায় নাটকের নামে রাতভর অশ্লীল নৃত্য, লটারি ও বড় আকারের জুয়ার আসর বসানো হয়েছিল। এ ছাড়া কেন্দুয়া, রাজার হাট ও কেরামজানি এলাকায় রাতভর উচ্চশব্দে গান-বাজনা ও মাদকের বেচাকেনা চলছিল। ধনবাড়ী ইউএনও মিজ নূরজাহান আক্তার সাথী ও ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশি অভিযানে আয়োজক ও জুয়াড়িরা পালিয়ে যায়। পুলিশ জুয়ার আসর ভেঙে দেয় এবং মেলার মালামাল জব্দ করে মেলা পণ্ড করে দেয়। ধনবাড়ী ওসি নুরুস সালাম সিদ্দিকী জানান, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।



