রাশিয়া ও বেলারুশ সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Printed Edition

রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগামী দুই-তিন দিনের মধ্যে রাশিয়া ও বেলারুশ সফরে যাচ্ছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, এ সফরের মাধ্যমে ইরান তার কৌশলগত অংশীদারদের সাথে সম্পর্ক আরো জোরদার করতে চায়। বেলারুশ সফরে আরাকচি দ্বিপক্ষীয় সহযোগিতা ও বাণিজ্য সম্প্র্রসারণ নিয়ে আলোচনা করবেন।

রাশিয়া সফরে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করবেন। আলোচনায় পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট গুরুত্ব পাবে। এ সফরের আগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তুর্কমেনিস্তানে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন। বিশ্লেষকরা বলছেন, সাম্প্র্রতিক সময়ে ইরান-রাশিয়া সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে এবং বেলারুশকেও এ কৌশলগত অক্ষের অংশ হিসেবে দেখা হচ্ছে।

ইরান বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে। ফলে রাশিয়া ও বেলারুশের মতো মিত্র রাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করা দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন, এ সফর ইরানের কূটনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন ভারসাম্য তৈরি করতে পারে।