নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, খালেদা জিয়ার আজকের পরিণতির জন্য যিনি দায়ী, সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন।
গতকাল শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। এ সময় তার সাথে আরো ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্যসচিব ডা: তাসনীম জারা। এনসিপির নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। আমাদের গণতন্ত্রের উত্তরণের জন্য তিনি লড়াই করেছেন। এ লড়াই যে গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছে, সেটি যেন তিনি দেখে যেতে পারেন। তিনি স্বৈরশাসক হাসিনার আমলে ‘মেডিক্যালি অত্যাচারের’ মধ্য দিয়ে গেছেন। আল্লাহ যেন হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর দেখা পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন ওই জিনিসটা তাকে দেখান। যার কারণে খালেদা জিয়ার আজ এই পরিণতি হয়েছে।
খালেদা জিয়াকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেয়া হয়নি বলে অভিযোগ করে হাসনাত বলেন, আমরা শুনেছি যদি কোনো ডাক্তার তাকে চিকিৎসা করতে আসতেন, তখন ওই ডাক্তারকে হয়রানি করা হতো। চিকিৎসা করতে আসা বিভিন্ন ডাক্তারকে ভয়-ভীতি দেখানো হতো। এভাবেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবনতি হয়েছে।
তিনি বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। সারা দেশবাসী আজ আল্লাহর কাছে দোয়া করছেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ ওনার জন্য দোয়া করছেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর যেন তিনি দেখে যেতে পারেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল হলেও উনি যোগাযোগ করতে পারছেন। ডাক্তাররা তাকে যে নির্দেশনা দিচ্ছেন উনি সে নির্দেশনা বুঝতে পারছেন। এখন আমাদের একটাই কাজ, সেটি হলো দোয়া। সবাই দোয়া করবেন।
দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা: তাসনিম জারা বলেন, সতর্কতা মেনে আমার উনাকে (খালেদা জিয়া) দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স উনাকে যে নির্দেশনা দিচ্ছেন সেগুলো তিনি ফলো করতে পারছেন। তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে ফাইট করছেন।
জারা বলেন, উনি দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে সবসময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরাও দলমত নির্বিশেষে উনার জন্য দোয়া করব। খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল। তিনি অ্যাডভান্সড ট্রিটমেন্ট পাচ্ছেন। সবার কাছে দোয়ার আবেদনও জােিয়ছেন তিনি।



