হংকং চায়নাকে হারাল বাংলাদেশ

ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ওমানের রাজধানী মাস্কাটে শুরু হয়েছে ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ। উদ্বোধনী দিনে বাংলাদেশ নারী দল ৩-০ গোলে হংকং চায়নাকে হারিয়ে শুভ সূচনা করেছে।

এবারের আসরে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। বাংলাদেশের সাথে রয়েছে হংকং চায়না, কাজাখস্তান, পাকিস্তান ও উজবেকিস্তান। পাঁচটি দল হওয়ায় সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সাথে মোকাবেলা করবে। পাকিস্তান দল এবার অংশগ্রহণ করছে সাবেক অলিম্পিয়ান তাহির জামানের অধীনে। তা থেকেই স্পষ্ট ধারণা করা যায় পাকিস্তান দল ভালো ফলাফল করার প্রস্তুতি নিয়েই এসেছে। হকিতে মেয়েদের নিয়ে কাজ করা তারিকুজ্জামান নান্নু জানান, ‘বাংলাদেশ নারী হকি দল ২০১৯ সালে ওমেন্স এএইচএফ কাপে প্রথমবারের মতো অংশ নেয়। প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েই ছয়টি দলের মধ্যে পঞ্চম স্থান লাভ করে। এরপর ২০২৪ সালে দ্বিতীয় বার অংশ নিয়ে সাতটি দলের মধ্যে রানার্সআপ হয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করে। সেবার চায়নিজ তাইপে চ্যাম্পিয়ন হয়েছিল।’

তিনি আরো জানান, ‘এবার বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। চায়নিজ তাইপে এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। সে ক্ষেত্রে হংকং চায়না দলের সাথে মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২০২৪ সালে বাংলাদেশ ২-১ গোলে হংকং চায়নাকে হারিয়েছিল।’

এবার টুর্নামেন্ট বয়সসীমা অনূর্ধ্ব-২০ বছর নির্ধারণ করা হয়েছে। সে জন্য গতবারের দলের অধিনায়ক মহুয়া, অর্পিতা, রিয়ামনি, নীল, সীমু ও সুখ খেলতে পারছেন না। আর বয়স থাকলেও সোনিয়া এবার ক্যাম্পে ডাক পায়নি।

বাংলাদেশ জুনিয়র হকি স্কোয়াড

রেহানা, নাদিরা, রিয়াশা, তাবাছছুম, তন্নি, নিনিসেন, রিমন (অধিনায়ক), মনি, ফাতেমা, জাকিয়া (বড়), কণা, রিয়া, ইমা, তিশা, লিজা, প্রিয়ন্তি, নুপুর ও জাকিয়া (ছোট)।