বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে টাকার বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন অভিভাবক।
অভিযুক্তরা হলেন সহকারী শিক্ষক টি এম আসাদুজ্জামান মামুন, সহকারী শিক্ষক মোজাহারুল ইসলাম এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট মীর আমিনুর রহমান। অভিযোগে বলা হয়েছে, প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা নিয়ে অনুমোদিত আসনের বাইরে ৪৪ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। পরে বিষয়টি প্রকাশ্যে এলে অতিরিক্ত ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা হয়। এতে পরীক্ষার আগে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, ভর্তি নিশ্চিত করার আশ্বাস দিয়ে টাকা নেয়া হয় এবং কয়েকজনকে নির্দিষ্ট কোচিং সেন্টারেও ভর্তি হতে বলা হয়।
ল্যাব অ্যাসিস্ট্যান্ট মীর আমিনুর রহমান বলেন, দুই শিক্ষকের নির্দেশে তিনি ভর্তি কার্যক্রম পরিচালনা করেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক টি এম আসাদুজ্জামান মামুন ও মোজাহারুল ইসলাম দাবি করেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, তাকে না জানিয়েই এসব ভর্তি করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



