নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডার আফতাবনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে গোলাগুলির ঘটনায় মো: এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের ‘এম’ ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গুলশান ডিবির একটি দল রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি পরিদর্শক আনোয়ার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্য পাভেল তার কাছে থাকা পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তায় ডিবি সদস্যরা পাল্টা গুলি চালালে পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে আটক করে এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিবিদ্ধ পাভেলকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, আহত পাভেল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ডিবি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।


