বিবিসি
রাশিয়ার বিরুদ্ধে চলমান সামরিক যুদ্ধ আসন্ন শীতকাল পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সাথে দীর্ঘ রুদ্ধদ্বার আলোচনার পর এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। সফররত মার্কিন প্রতিনিধিদের গত রোববারের ওই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো বড় সমঝোতা বা অগ্রগতি অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠক শেষেই পোল্যান্ড হয়ে ট্রেনে চড়ে কিয়েভ পৌঁছান ট্রাম্পের এই দুই বিশেষ প্রতিনিধি। গত শনিবারের মস্কো আলোচনা অত্যন্ত গঠনমূলক ছিল দাবি করে মার্কিন দূত স্টিভ উইটকফ জানান, ইউক্রেন যুদ্ধের একটি সম্মানজনক সমাধানের বিষয়ে তারা আশাবাদী এবং শিগগিরই এতে সফলতা আসবে। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার জানান, দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি গড়তেই পুতিনের মুখোমুখি হয়ে পূর্বে ব্যর্থ হওয়া প্রস্তাবগুলো ও এর বিকল্পগুলো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার পর ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে জানান, সঙ্ঘাত শীতকাল পর্যন্ত গড়ালে ইউক্রেনের জাতীয় জ্বালানি খাত রক্ষা এবং বিমান প্রতিরক্ষা জোরদারে বাড়তি আন্তর্জাতিক সহযোগিতা জরুরি হয়ে পড়বে। একই সাথে রাশিয়ার নতুন করে আগ্রাসন চালানোর সব পথ বন্ধ করে একটি টেকসই ও ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠার জোর দাবি জানান তিনি। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে শিগগিরই ইউক্রেন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতির কথা উল্লেখ করেন তিনি। এই হাই-প্রোফাইল মার্কিন প্রতিনিধি দলের সফরকালীন নিরাপত্তার স্বার্থে তিন দিনের জন্য পরস্পরকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা না চালানোর বিষয়ে সম্মত হন পুতিন ও জেলেনস্কি। কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের অদূরে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান জেলেনস্কি, যেখানে সম্প্রতি রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থার দফতর।
কূটনৈতিক তৎপরতার মধ্যেই রুশ-ইউক্রেন সীমান্তজুড়ে হামলা, নিহত ৬
প্রায় চার বছরের দীর্ঘ সঙ্ঘাত অবসানে চলমান কূটনৈতিক আলোচনার আবহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাত থেকে শুরু হওয়া ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরোদ, পার্ম অঞ্চল এবং অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে এক কিশোরীসহ কমপক্ষে ছয়জনের প্রাণহানি ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, সীমান্তঘেঁষা বেলগোরোদে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে এক নারী ও পুরুষ প্রাণ হারান। পরে সোমবার সকালে গ্রাইভোরন শহরে অপর এক ড্রোন হামলায় আরো একজন মারা যান। সীমান্ত থেকে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দূরে পার্ম অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা চালালে একজন নিহত ও চারজন আহত হন বলে জানান স্থানীয় গভর্নর দিমিত্রি মাহোনিন। ড্রোনটি আঘাত হানার পর পার্মের একটি গানপাউডার ও রকেট ইঞ্জিন প্রস্তুতকারী সামরিক শিল্পাঞ্চল থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়।



